উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা: প্রশ্ন অনেক, উত্তর অজানা
হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি উত্তর কোরিয়া করার পর বিশ্বজুড়ে তার সমালোচনার ঝড় বইলেও আসলে কী করেছে কমিউনিস্ট দেশটি, তা বিশ্ববাসীর অজানাই থাকছে।
বুধবার পিয়ংইয়ং ভূগর্ভে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেওয়ার পর তাই ছিল সারাবিশ্বের গণমাধ্যমের শিরোনাম।
বাবা কিম জং ইলের সময়ের মতোই কিম জং উনের কঠোর শাসনে থাকা দেশটি আসলে কী করেছে, তা স্বাধীনভাবে যাচাইয়ের কোনো সুযোগ নেই।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যম খবরটি দিয়ে কিম জং উনের একটি ছবি প্রকাশ করেছে। বলা হয়েছে, এই পরীক্ষার অনুমোদন সংক্রান্ত নথিতে সই করছেন তিনি।
চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিবেশী কট্টর এই কমিউনিস্ট দেশটি এর আগেও পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে শিরোনাম হয়েছিল। কিন্তু হাইড্রোজেন বোমার পরীক্ষা যদি সত্যিই দেশটি চালায়, তবে তা হবে আগের চেয়ে বেশি শক্তির।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, তারা ওই এলাকায় রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার একটি কম্পনের তরঙ্গ ধরতে পেরেছেন।
এই বিস্ফোরণটি কত শক্তিমত্তার, এটা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এটি ১০ থেকে ১৫ কিলোটন শক্তিসম্পন্ন।
কিম জং উন; বলা হচ্ছে, হাইড্রোজেন বোমা পরীক্ষার অনুমোদনের প্রস্তাবে সই করছেন তিনি
বৈরী প্রতিবেশী রাষ্ট্রের পরমাণু পরীক্ষার খবর দেখা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি টেলিভিশনের দোকানে
কেউ বলছেন, এর আগে যে পরীক্ষাগুলো উত্তর কোরিয়া চালিয়েছে, তার চেয়ে এর শক্তি বেশি মনে হচ্ছে; কেউ বা বলছে, কম। কম হলে এটিকে হাইড্রোজেন বোমা বলাটা প্রশ্নের মুখে পড়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, হাইড্রোজেন বোমার শক্তি হত ১০০ কিলোটনের মতো। কিন্তু উত্তর কোরিয়ার বিস্ফোরণের শক্তি অনেক কম দেখা যাচ্ছে।
২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত উত্তর কোরিয়া প্লুটোনিয়ামভিত্তিক পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল বলে ধারণা করা হত। ২০১৩ সালে দেশটি ইউরেনিয়ামভিত্তিক পরীক্ষা চালায় বলে বিশেষজ্ঞরা বলছেন।
বান কি-মুন বলছেন, এটা খুবই উদ্বেগজনক এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই (মধ্যে) খবর পেয়েই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কমিটির সঙ্গে বসেন
ইউরেনিয়াম ভেঙে তাকে শক্তিতে পরিণত করার কাজটি প্লুটোনিয়ামের চেয়ে জটিল, তার ধ্বংস ক্ষমতাও বেশি।
তবে আসলে কী দিয়ে পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া, তা কখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিস্ফোরণ ঘটলে তা থেকে বিক্ষিপ্ত তেজষ্ক্রিয় পদার্থ বিশ্লেষণ করে সিদ্ধান্ত টানা যায়। বুধবার খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্র কোরিয়া উপকূলে বিমান পাঠালেও বাতাসে ভাসমান কোনো নমুনা যে পাবে, তার কোনো নিশ্চয়তা নেই।
যদি উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটাতে ব্যর্থও হয়, তাও শঙ্কার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, পুরো ঘটনা ইঙ্গিত করে যে বিশ্ববাসীর চাপ সত্ত্বেও দেশটি পরমাণু কর্মসূচি থেকে সরে আসেনি।
[বিবিসির প্রতিবেদন অবলম্বনে]
