২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার সমালোচনায় জাতিসংঘ, জরুরি বৈঠক

উত্তর কোরিয়া সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি করার পর এর সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jan 2016, 11:51 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

জাতিসংঘ মহাসচিব বুধবার উত্তর কোরিয়ার এ বোমা পরীক্ষাকে ‘খুবই উদ্বেগজনক এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি’ বলে বর্ণনা করেছেন।

কূটনীতিকরা বলছেন, এ ঘটনার পর নিরাপত্তা পরিষদকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবতে হবে।

বান কি-মুন বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় উত্তর কোরিয়াকে এ ধরনের কর্মকান্ড বন্ধ করার সম্মিলিত আহ্বান জানিয়ে আসলেও দেশটির সদ্য চালানো বোমা পরীক্ষায় আরও একবার নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবনা লঙ্ঘিত হল। তাছাড়া, এ পদক্ষেপ পারমাণবিক অস্ত্র পরীক্ষা-বিরোধী আন্তর্জাতিক নিয়মাবলীরও মারাত্মক লঙ্ঘন।”

“আমি ডিপিআরকে (উত্তর কোরিয়া)- কে আর কোনও পারমাণবিক তৎপরতা চালানো বন্ধ করার দাবি জানাচ্ছি।”

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার সকালে হাইড্রোজেন পরমাণু ডিভাইসের (হাইড্রোজেন বোমা) সফল পরীক্ষা চালানোর কথা জানায়।

কূটনীতিকরা এ পদক্ষেপকে উত্তর কোরিয়ার সর্বসা্প্রতিক ‘উস্কানি’ আখ্যা দিয়েছেন। এর জবাবে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিতে বুধবারই জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য। ‍যুক্তরাষ্ট্র ও জাপান এ বৈঠকে বসার অনুরোধ জানায়।