২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠানকোট হামলা: ছয় জঙ্গির সবাই নিহত

ভারতে পাঞ্জাবের পাঠানকোটে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলায় জড়িত ছয় জঙ্গির সবাই নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 11:37 AM

Updated : 12 Apr 2022, 01:09 AM

গত তিন-চার ঘণ্টা ধরে সেখানে আর কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।

শনিবার ভোররাত থেকে হামলা শুরুর প্রায় ষাট ঘণ্টা পর সোমবার দুপুরে পঞ্চম জঙ্গির দেহ উদ্ধার হয়| তার পরও এক জঙ্গি লুকিয়ে ছিল। বিকালের দিকে উদ্ধার হয় আরও এক জঙ্গির দেহ।

দুই জঙ্গি ঘাঁটির  একটি আবাসিক ভবনে লুকিয়ে ছিল বলে এনডিটিভি’র খবরে জানানো হয়।

এক সেনা কর্মকর্তা এনডিটিভি’কে বলেন, “জঙ্গিরা একটি দুই তলা ভবনে লুকিয়ে ছিল। বিমান বাহিনীর সদস্যরা ওই ভবনে বাস করত।”

প্রথম থেকেই সেনারা জানিয়েছিল, মোট ছয় জন জঙ্গি ঢুকে পড়েছে। সব জঙ্গির দেহ পাওয়ার পর আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বিমানঘাঁটির ভেতরে প্রায় দেড় হাজার পরিবার বাস করে। এনএসসজি’র একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, তারা সবাই নিরাপদে আছে।

শনিবার ভোররাতে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে টানা ১৫ ঘন্টা বন্দুক লড়াইয়ে হামলাকারী চার সন্ত্রাসী নিহত হয়।

রোববার সকালে আবারও গুলির আওয়াজে ঘাঁটিতে আতঙ্ক ছড়িয়ে পড়লে গোটা এলাকা ঘিরে ফেলেন ভারতের জাতীয় নিরাপত্তা রক্ষীরা (এনএসজি)।

এরপর এনএসজি কমান্ডো,ভারতীয় সেনাবাহিনী,ভারতীয় বিমান বাহিনী,আধাসামরিক বাহিনী এবং পাঞ্জাব পুলিশের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর একটি শক্তিশালী দল বিমান ঘাঁটি ও আশপাশের এলাকায়তল্লাশি অভিযান চালায়।

টানা ৩৬ ঘণ্টার অভিযানে ঘাঁটিতে লুকিয়ে থাকা দুই সশস্ত্র জঙ্গির একজন নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়। তখন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, এখনও এক জঙ্গি লুকিয়ে থাকতে পারে । তার খোঁজেইজোর তল্লাশি চালায় যৌথবাহিনী।

ওদিকে, এ হামলায় এখন পর্যন্ত ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজন ঘটনা স্থলে এবং বাকি চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিমানবাহিনীর ঘাঁটিতে তল্লাশি চলাকালে ঘটনাস্থল থেকে বেশ কিছু একে-৪৭ রাইফেল, গ্রেনেড লঞ্চার এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জিপিএসডিভাইসগুলোর তথ্য থেকে সন্ত্রাসীরা কোন পথে ঘাঁটিটিতে প্রবেশ করেছে ও কোথা থেকে এসেছে তা জানা যাবে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

তদন্তের দায়িত্ব ভারতের জাতীয় তদন্ত সংস্থার হাতে ছেড়ে দেওয়া হয়েছে।

ভারতীয় বিমান বাহিনী ও পাঞ্জাব পুলিশের সূত্রগুলো জানিয়েছে, তল্লাশি অভিযান চালাকালে গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটলেও ঘাঁটিটিতে থাকা মিগ-২১ যুদ্ধবিমান ও এমআই-৩৫ রণ-হেলিকপ্টারগুলোনিরাপদে আছে। এগুলো যেখানে আছে সেখানে কোনো ঘটনা ঘটেনি।

হামলাকারীরা জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের সদস্য এবং তারা পাকিস্তানের ভাওয়ালপুর থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল বিমান ঘাঁটি থেকে পাকিস্তান সীমান্ত প্রায় ৩০কিলোমিটার দূরে।

পুরনো খবর:

পাঠানকোটে আরও এক জঙ্গি নিহত, চলছে জোর তল্লাশি