পাঠানকোটে আরও এক জঙ্গি নিহত, চলছে জোর তল্লাশি
টানা ৩৬ ঘণ্টার অভিযানে পাঠানকোটের বিমানবাহিনীর ঘাঁটিতে লুকিয়ে থাকা দুই সশস্ত্র জঙ্গির একজন নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে।
এখনও এক জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে জানা গেছে সেনা সূত্রে। তার খোঁজেই জোর তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী।
রোববার ভারতীয় সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি), ভারতীয় বিমান বাহিনী, আধাসামরিক বাহিনী এবং পাঞ্জাব পুলিশের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর একটি শক্তিশালী দল বিমান ঘাঁটি ও আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালায়। বিমানঘাঁটি জঙ্গিমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন এয়ার কমোডোর জে এস ধামুন।
রোববার সকালে গুলির আওয়াজে ঘাঁটিতে আতঙ্ক ছড়িয়ে পড়লে গোটা এলাকা ঘিরে ফেলেন এনএসজির কম্যান্ডোরা।
এনডিটিভি জানায়, সকালে ঘাঁটিটিতে চিরুণী অভিযান চালাকালে বিস্ফোরণে এক জওয়ান আহত হন। হাতে তৈরি বোমার বিস্ফোরণে ওই জওয়ান আহত হন বলে জানা গেছে। তল্লাশি অভিযান চলাকালে হঠাৎ করে বোমাটি বিস্ফোরিত হয়।
এছাড়া শনিবারের সন্ত্রাসী হামলায় আহত চার নিরাপত্তা সদস্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এতে সন্ত্রাসী হামলাটিতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর নিহত সদস্য সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে।
শনিবার ভোররাতে হামলা শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে টানা ১৫ ঘন্টা বন্দুক লড়াইয়ে হামলাকারী চার সন্ত্রাসী নিহত হয়।
তল্লাশি চলাকালে ঘটনাস্থল থেকে বেশ কিছু একে-৪৭ রাইফেল, গ্রেনেড লঞ্চার এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জিপিএস ডিভাইসগুলোর তথ্য থেকে সন্ত্রাসীরা কোন পথে ঘাঁটিটিতে প্রবেশ করেছে ও কোথা থেকে এসেছে তা জানা যাবে বলে ধারণা করছেন কর্মকর্তারা।
তদন্তের দায়িত্ব ভারতের জাতীয় তদন্ত সংস্থার হাতে ছেড়ে দেওয়া হয়েছে।
ভারতীয় বিমান বাহিনী ও পাঞ্জাব পুলিশের সূত্রগুলো জানিয়েছে, তল্লাশি অভিযান চালাকালে গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটলেও ঘাঁটিটিতে থাকা মিগ-২১ যুদ্ধবিমান ও এমআই-৩৫ রণ-হেলিকপ্টারগুলো নিরাপদে আছে। এগুলো যেখানে আছে সেখানে কোনো ঘটনা ঘটেনি।
পাঞ্জাব পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “তল্লাশি অভিযান চলছে। সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে দেখা হচ্ছে। এই অনুসন্ধান সম্পূর্ণ হওয়ার পর তল্লাশি অভিযান শেষ করা হবে।”
হামলাকারীরা জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের সদস্য এবং তারা পাকিস্তানের ভাওয়ালপুর থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল বিমান ঘাঁটি থেকে পাকিস্তান সীমান্ত প্রায় ৩০ কিলোমিটার দূরে।
