দিল্লি-লক্ষ্ণৌর মধ্যে চলাচলকারী ট্রেনে বোমাতঙ্ক
দিল্লি ও লক্ষ্ণৌর মধ্যে চলাচলকারী শতাব্দি এক্সপ্রেসে বোমা হামলা হতে পারে খবর পেয়ে পথে একটি স্টেশনে সব যাত্রী নামিয়ে তল্লাশি চালানো হলেও ট্রেনটিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
রোববার ভোরে দিল্লি পুলিশের ওই খবরে গাজিয়াবাদ রেলওয়ে স্টেশনে শতাব্দি এক্সপ্রেস ট্রেনটিকে থামিয়ে খালি করে ফেলে নিরাপত্তা বাহিনী।
ভারতীয় রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা নিরজ শর্মা বলেন, “ভোর সাড়ে ৬টায় দিল্লি পুলিশের কাছ থেকে বোমার খবরটি পাই। এরপর গাজিয়াবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনটিতে তল্লাশি চালানো হয়, কিন্তু কিছুই পাওয়া যায়নি।”
ট্রেনটিতে সন্দেহজনক কোনো কিছু পাওয়া না গেলেও ঘটনার পর দিল্লির নিজামুদ্দিন ও নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রেলওয়ে পুলিশের ডেপুটি কমিশনার মিলিন্দ মাহাদেও বলেন, “আমরা বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড মোতায়েন করেছি এবং সাধারণ তল্লাশিতে জোর দিয়েছি, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
পাঞ্জাবের পাঠানকোট টাউনে শনিবার বিমান বাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর থেকে ভারতীয় রাজধানী নয়াদিল্লি উচ্চ নিরাপত্তা সতর্কাবস্থায় রয়েছে।
পাঠানকোটের ওই হামলার ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর তিন সদস্য ও চার হামলাকারী নিহত হন। হামলাকারীরা জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের সদস্য এবং তারা পাকিস্তানের ভাওয়ালপুর থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
