২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল আবিবে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলি, নিহত ২

ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি বারে অজ্ঞাতপরিচয় এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 09:59 PM

Updated : 11 Oct 2022, 07:30 PM

শুক্রবার রাজধানীর কেন্দ্রে দিজেনগফ স্ট্রিট এলাকায় অটোমেটিক রাইফেলের গুলিতে আরও সাত জন আহত হয় বলে বিবিসি জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে এই হামলার পেছনের কারণ জানাতে পারেনি ইসরায়েলি পুলিশ; হামলাকারীকেও আটক করতে পারেনি।

পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বিবিসিকে বলেন, “কী কারণে এটা ঘটলো; এটা জঙ্গি হামলা না সন্ত্রাসী হামলা- তা এখনো স্পষ্ট নয়।”

আগে থেকে এ ধরণের কোনো হামলার হমকিও ছিল না বলে তিনি জানান।

তবে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, তেল আবিব শহরের মেয়র রন হুলদাই ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছেন, “এটাকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ সন্ত্রাসী হামলা বলেই মনে হচ্ছে।”

সিমতা নামে ওই বারে ওঁৎ পেতে থাকা এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়ে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

নাতি শাক্কেদ নামে ওই বারের মালিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, হামলাকারী ব্যক্তি বারের বাইরে একটি বেঞ্চে বসেছিলেন। একটি ব্যাগ থেকে মেশিনগান বের করে ‘চতুর্দিক লক্ষ্য করে’ তিনি গুলি ছুড়তে থাকেন।

ইসরায়েলের চ্যানেল টু টেলিভিশনকে তিনি বলেন, “এটা নিঃসন্দেহে একটা সন্ত্রাসী হামলা।”

পুলিশের মুখপাত্র রোজেনফেল্ড বিবিসিকে বলেন, হামলাকারীকে ধরতে গোয়েন্দা শাখা ও সন্ত্রাসপ্রতিরোধী শাখার সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

২৩ ডিসেম্বর পর্যন্ত সাম্প্রতিক সহিংসতায় অন্তত ২১ ইসরায়েলি নিহত হয়, যাদের বেশিরভাগকেই ছুরিকাঘাত করে ও গুলি করে হত্যা করে ফিলিস্তিনিরা।

অন্যদিকে এ পর্যন্ত ১৩১ ফিলিস্তিনি নিহত হয়। এদেরও বেশিরভাগকে ইসরায়েলিরা হত্যা করেছে।

আর বাকিরা দুই পক্ষের সংঘর্ষে মারা যায় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।