চীনের খনিতে পাঁচ দিন পর ৮ জীবিতের সন্ধান
চীনে পূর্বাঞ্চলীয় শ্যাডংয়ে একটি খনি ধসের পাঁচ দিন পর সেখানে আটকে থাকা আটজন জীবিত শ্রমিকের সন্ধান মিলেছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, উদ্ধারকর্মীরা এখনও তাদের উদ্ধার করতে পারেনি। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ এবং জীবন ধারণের জন্য জরুরী উপাদান পাঠাতে পেরেছে।
শুক্রবার ধসে পড়া ওই খনি থেকে জিপসাম উত্তলন করা হত। ধসের পরপরই এক শ্রমিকের মৃত্যু হয় এবং চারজন জীবিত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়।
পরে আরও তিন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছে নয়জন। ‘ইনফ্রারেড ক্যামেরা’ ব্যবহার করে উদ্ধারকর্মীরা নিখোঁজ শ্রমিকদের অনুসন্ধান করছে।
জীবিত খুঁজে পাওয়া আট শ্রমিক অনাহারের কারণে দুর্বল হয়ে গেলেও তাদের অবস্থা ভাল বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শ্রমিকরা মাটির নীচে একটি সরু পথের মধ্যে আটকা পড়ে আছে। পথের দুই মাথাই মাটি ধসে আটকা পড়ে গেছে।
ওদিকে, খনি ধসের দুই দিন পর রোববার সকালে খনির মালিক মা কঙ্গবো খনির একটি কুয়ায় ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন বলে জানায় চীনা বার্তা সংস্থা সিনহুয়া।
মা কঙ্গবো ইউরোং খনি কোম্পানির চেয়ারম্যান ছিলেন। তার আত্মহত্যার কারণ স্পষ্ট নয়। তবে বেইজিং থেকে বিবিসি’র সংবাদদাতা বলছেন, চীন কর্তৃপক্ষ খামখয়ালি নিয়োগকর্তাদের শাস্তি কঠোর করেছে।
চীনে প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এই খনি ধসের কারণ কি তা এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। দক্ষিণ চীনে নির্মাণকাজ চলাকালে প্রাণঘাতী এক ভূমিধসের কয়েকদিন পর এ খনি ধস ঘটল।
