২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সঙ্গে ‘যৌনদাসী’ চুক্তি: দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ‘যৌনদাসীদের’ ক্ষতিপূরণ দেওয়া নিয়ে জাপানের চুক্তির নিন্দা জানিয়ে প্রতিবাদ-বিক্ষোভে নামা দুই জীবিত যৌনদাসীর সঙ্গে যোগ দিয়েছে দক্ষিণ কোরিয়ায় শত শত মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:18 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়ার অনেক নারীকে জাপানি সেনারা ‘যৌনদাসী’  হতে বাধ্য করেছিল। ওই যৌনদাসীরা ‘কমফোর্ট উইমেন’ নামে পরিচিত।

দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরেই এজন্য জাপান সরকারকে ক্ষমা প্রর্থনা এবং ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়ে আসছিল। স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের টানপোড়েনও ছিল।

সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষর হয়।

বৈঠকের পর জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন,  তার দেশের প্রধানমন্ত্রী শিনজো আবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেইসব ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

এছাড়া, ক্ষতিগ্রস্ত ওইসব নারীদের জন্য দক্ষিণ কোরিয়ার গঠিত তহবিলে ১শ’ কোটি ইয়েন (৮৩ লাখ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার একটি প্রস্তাবও দিয়েছে জাপান।

বিনিময়ে দক্ষিণ কোরিয়া রাজধানী সিউলে জাপান দূতাবাসের সামনে থাকা এক কিশোরীর ভাস্কর্য (যেটি ‘কমফোর্ট ওমেন' এর আদলে তৈরি) অন্যত্র সরিয়ে নেবে৷

ভাস্কর্যটি জাপানিরা ‘অস্বস্তিকর' ও ‘অপমানজনক' হিসেবে দেখে।

জাপানের সঙ্গে এ চুক্তির বিরোধিতা করেই বুধবার এর প্রতিবাদ করেন বিশ্বযুদ্ধকালে যৌনদাসী হতে বাধ্য হওয়া দুই নারী।

বিষয়টি নিষ্পত্তি করতে সোমবারের চুক্তিটিকে তারা ‘চূড়ান্ত এবং অপরিবর্তনীয়’ বলে বর্ণনা করে দক্ষিণ কোরিয়া সরকারের কড়া সমালোচনা করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিরা প্রায় দুই লাখ নারীকে যৌনকর্মে বাধ্য করেছিল বলে ধারণা করা হয়। যাদের একটি বড় অংশ দক্ষিণ কোরিয়ার।

১৯৯০ সালের দিকে তাদের ২৩৮জন দেশে ফিরে আসেন। ফিরে আসা নারীদের মধ্য ৪৬ জন এখনও বেঁচে আছেন। বর্তমানে যাদের গড় বয়স ৮৯ বছর।

লি ইয়ং-সু তাদেরই একজন। ৮৮ বছর বয়সী ইয়ং-সু বলেন, “সরকারকে বিশ্বাস করা যাবে না।“ 

এমনকি চুক্তির বিষয়ে আলোচনার সময় কর্মকর্তারা তার বা বেঁচে অন্য যৌনদাসীদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা করেনি বা পরামর্শ নেয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

“আমরা শেষ সময় পর্যন্ত লড়াই অব্যাহত রাখব। আমরা কোনো ভুল করিনি। জাপান আমাদের কমফোর্ট উইমেন বানানোর জন্য তুলে নিয়ে গিয়েছিল এবং এখনও তারা অপরাধ অস্বীকার করার চেষ্টা করছে।“

দুর্ভাগ্যের শিকার ওইসব নারীরা ছাড়াও ছাত্র, বিরোধী দলের নেতাকর্মী, সমাজকর্মীসহ নানা স্তরের মানুষ বুধবার রাস্তায় নেমে প্রতিবাদ করে।

তারা জাপানের কাছ থেকে অকপটে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করার দাবি জানায় এবং ওইসব নারীদের জন্য আনুষ্ঠানিক ক্ষতিপূরণের ব্যবস্থা করতে বলে।

প্রতিবাদকারীরা সিউলে জাপানের দূতাবাসের সামনের রাস্তায় ব্রোঞ্জের তৈরি কিশোরীর ভাস্কর্য ঘিরে অবস্থান নেয়।

১৯৯২ সাল থেকে প্রতি সপ্তাহে দূতাবাসের সামনে মিছিল করে আসছে প্রতিবাদকারীরা।