পাকিস্তানে সরকারি কার্যালয়ে বোমা হামলা, নিহত ২৩
পাকিস্তানে একটি সরকারি কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তা নাঈম খান জানান, পাখতুনখাওয়া প্রদেশের মারদান এলাকার ‘ন্যাশনাল ডাটাবেজ এন্ড রেজিস্ট্রেশন অথরিটি’ (নাডরা) বা পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষের শাখা অফিসে এ বোমা হামলা হয়।
তিনি বলেন, “হামলাকারী বিস্ফোরকভর্তি মটরসাইকেলে করে এসে আত্মঘাতী হামলা চালায়। ওই সময় জাতীয় পরিপত্র নেওয়ার জন্য অনেক মানুষ দপ্তরটিতে ভিড় করেছিল।”
পাকিস্তানে তালেবান সংশ্লিষ্ট দল জামাত উর-আহরার এ হামলার দায় স্বীকার করেছে।
সরকারি উদ্ধারকর্মীদের মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি বলেন, "অন্তত ২৩ জন নিহত এবং প্রায় ৭৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।"
পেশোয়ারের স্কুলে একবছর আগে ভয়াবহ তালেবান হামলাকে কেন্দ্র করে জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান শুরুর পর পাকিস্তানে এটিই সবচেয়ে প্রাণঘাতী জঙ্গি হামলা।
