২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামাদি পুনরুদ্ধারের দোরগোড়ায় ইরাকি বাহিনী

ইসলামিক স্টেটের দখল থেকে ইরাকের রামাদি নগরের বেশিভাগ অংশই উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Dec 2015, 07:14 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

শনিবার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহইয়া রসুল জানান, রামাদি নগরের শেষ যে জেলাটি ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে রয়েছে সেই জেলার কেন্দ্রে প্রবেশ করেছে ইরাকের সেনাবাহিনী। যদিও বোমা ও মাইনের কারণে তারা ধীর গতিতে অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, “সন্ত্রাস-দমন বাহিনী সরকারি কমপ্লেক্স থেকে ৮০০ মিটারের মধ্যে প্রবেশ করেছে। বিমান হামলার মাধ্যমে বিভিন্ন জায়গায় পুঁতে রাখা বোমা ও মাইনের বিস্ফোরণ ঘটিয়ে সেনাদের সামনে অগ্রসর হওয়ার পথ করে দেয়া হচ্ছে।”

মে মাসে রামাদির নিয়ন্ত্রণ নেয় আইএস। আনবার প্রদেশের রাজধানী রামাদি বাগদাদ থেকে মাত্র দুইঘণ্টার পথ।

বিশেষ অভিযানের কামান্ডার সামি আল-আরিধি বলেন, “বিমানগুলো তিন দিক থেকে পুরো রামাদিতে হামলা চালিয়েছে। আমাদের সেনারা এখন তাদের লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু শত্রুরা সবজায়গায় ফাঁদ পেতে রেখেছে।”

মঙ্গলবার থেকে ইরাকের সেনাবাহিনী রামাদি অভিযান শুরু করে।

রামাদি পুনরুদ্ধারের পর সেনাবাহিনী আইএস নিয়ন্ত্রিত উত্তরের নগর মসুলে অভিযান চালাবে বলে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ।

শুক্রবার ইরাকের প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদি বলেন, “ইরাকিদের একতা ও সহযোগিতায় রামাদি জয়ের পর প্রিয় নগর মসুলের স্বাধীনতাও অর্জিত হবে।”