ফরাসি দ্বীপ কর্সিকায় মসজিদে হামলা
দমকল কর্মীদের উপর হামলার প্রতিক্রিয়ায় ফ্রান্সের ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকায় একটি মসজিদে হামলা চালিয়েছে উত্তেজিত একদল লোক।
বিবিসি জানায়, শুক্রবার কর্সিকার প্রধান শহর অ্যাজাকসিওতে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানান, প্রতিবাদকারীদের ছোট একটি দল মসজিদটিতে হামলা চালিয়ে কোরান পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে।
দমকল কর্মীদের উপর হামলার বিষয়ে ফরাসি গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অ্যাজাকসিওর একটি এলাকায় ‘হুডে মাথা ঢাকা কয়েকজন যুবক’ দমকলকর্মীদের উপর চোরাগোপ্তা হামলা চালায়। এতে দুই দমকল কর্মী ও এক পুলিশ কর্মকর্তা আহত হন।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার শহরের কেন্দ্রস্থলে কয়েকশ মানুষ সমবেত হয়ে বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদ জানাতে থাকে। এখান থেকে কিছু লোক মিছিল নিয়ে বৃহস্পতিবার রাতের হামলাস্থলে উপস্থিত হয়, এলাকাটি অ্যাজাকসিওর একটি দরিদ্র এলাকা।
সেখানে উপস্থিত হয়ে তারা ‘আরবরা চলে যাও!’, ‘এটা আমাদের বাড়ি’ বলে শ্লোগান দেয়।
এরপর প্রতিবাদকারীরা স্থানীয় মসজিদে হামলা চালিয়ে সেখানে ভাংচুর চালান এবং মসজিদে রাখা বইয়ে অগ্নিসংযোগ করেন, এসব বইয়ের মধ্যে কোরানের কয়েকটি কপিও ছিল।
দুটি হামলার ঘটনারই নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে ফরাসি সরকার।
ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালিস বলেছেন, “পবিত্র স্থানের উপর এই হামলা অগ্রহযোগ্য।”
ফরাসি মুসলিম কাউন্সিলও সহিংসতার নিন্দা জানিয়েছে।
বড় দিনের ছুটিতে ফ্রান্সজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৩ নভেম্বর রাজধানী প্যারিসে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকেই ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ ছিল।
