থাইল্যান্ডে ব্রিটিশ পর্যটক হত্যা: ২ মিয়ানমার নাগরিকের মৃত্যুদণ্ড
ব্রিটেনের দুই পর্যটককে হত্যার অভিযোগে মিয়ানমারের দুই নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে থাইল্যান্ডের একটি আদালত।
গত বছর ওই দুই পর্যটক ছুটি কাটাতে থাইল্যান্ডে গিয়েছিলেন।
দোষ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে রায়ে জানানো হয়েছে।
মামলাটি নিষ্পত্তির জন্য চাপে থাকা থাই পুলিশ মিয়ানমারের অভিবাসী কর্মী ল লিন এবং উইন জ কে গ্রেপ্তার করে এবং দুইজনই অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
তবে অভিযুক্তরা পরে জানিয়েছে, পুলিশ তাদেরকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করেছে।
বৃহস্পতিবার থাই আদালতে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের রায়ে মিয়ানমারে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ইয়াঙ্গনের থাই দূতাবাস পাহারায় মোতায়েন করা হয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভের ডাকের মুখে এ পদক্ষেপ নেয় সরকার।
দণ্ডপ্রাপ্ত দুইজনের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড নিয়ে এরই মধ্যে মিয়ানমারের থাই দূতাবাস ভবনের বাইরে জড়ো হতে শুরু করেছে লোকজন।
