২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি হাসপাতালে আগুন, ২৫ জনের মৃত্যু

সৌদি আরবের বন্দর শহর জিজানের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 11:27 AM

Updated : 12 Oct 2022, 04:44 PM

দেশটির সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট ইয়াহিয়া আল কাহতানি’র বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এ ঘটনায় আহত ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আরও অন্তত ১০৭ জন।   

ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হাসপাতালের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছিল বলে আল জাজিরার খবরে জানানো হয়েছে।

ওই তলায় হাসপাতালের নিবিড় পরিচর্যা ও মাতৃত্বাকালীন সেবা ইউনিট রয়েছে।

গুরুতর আহতদের সরকারি-বেসরকারি অন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে সৌদি সিভিল ডিফেন্সের ফেইসবুক অ্যাকাউন্টে জানানো হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, সিভিল ডিফেন্সের ২০টি দল আগুন নিয়ন্ত্রণ ও হতাহতদের উদ্ধারে অংশ নেয়। অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে সৌদি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।