পানামার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্চেনেলির (৬৩) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পানামার সর্বোচ্চ আদালত।
সরকারি অর্থ ব্যয়ে ১৫০ ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে গোয়েন্দাগিরি করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আরো বেশ কয়েকটি অভিযোগের মোকাবিলা করছেন তিনি।
চার ঘন্টারও বেশি সময় ধরে বিবেচনার পর সর্বোচ্চ আদালতের বিচারকরা মার্চেনেলির সাময়িক আটকাদেশের পক্ষে ভোট দেন। তবে বিদেশে পালিয়ে থাকা মার্চেনেলির বিরুদ্ধে কীভাবে এই আটকাদেশ কার্যকর হবে তার কোনো ব্যাখ্যা দেননি তারা।
সুপারমার্কেটের মালিক কোটিপতি এই ব্যবসায়ী ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মধ্য আমেরিকার দেশটির প্রেসিডেন্ট ছিলেন।
ক্ষমতা ছাড়ার পর চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান মার্চেনেলি, তারপর থেকে ফ্লোরিডার মিয়ামিতে তিনি বসবাস করছেন বলে ধারণা করা হয়।
ক্ষমতার শুরুতে জনপ্রিয়তা থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জোরালো হতে শুরু করে।
সরকারি অর্থ তছরুপ, আর্থিক অপরাধ, ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগসহ তার বিরুদ্ধে ওঠা ছয়টি অভিযোগ বর্তমানে তদন্তনাধীন আছে।
গোয়েন্দাগিরির অভিযোগের বিষয়ে সরকারি আইন কর্মকর্তা জানান, ক্ষমতায় থাকাকালে মার্চেনেলি জনগণের করের টাকা ও সরকারি কর্মচারীদের ব্যবহার করে আন্দোলনকারী, রাজনীতিবিদ, শ্রমিক ইউনিয়নের নেতা, আইনজীবী, চিকিৎসক ও অন্যান্য বেসামরিক গোষ্ঠীর ফোন কলে আঁড়িপাতা, তাদের বার্তা পড়ে দেখা ও তাদের উপর নজরদারি করেন।
সোমবার রাতে নিজের ট্যুইটার একাউন্টে দেওয়া এক প্রতিক্রিয়ায় আদালতের রায়কে ‘রাজনৈতিক বিচারের প্রথম ধাপ’ বলে অভিহিত করেছে মার্চেনেলি।
