ইন্দোনেশিয়ায় ঝড়ে শতাধিক যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ
ঝড়ের কারণে উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া একটি নিখোঁজ জাহাজের ২৩ যাত্রীকে সাগর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন ইন্দোনেশীয় উদ্ধারকারীরা। এছাড়া মৃত দুটি শিশুর লাশও উদ্ধার করেছেন তারা।
দেশটির কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, নিখোঁজ জাহাজটিকে খুঁজছে অপর দুটি জাহাজ।
দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, জাহাজটি স্থানীয় সময় শনিবার সকালে দক্ষিণপূর্ব সুলাওয়েসি প্রদেশের কোলাকা থেকে রওনা হয়ে বোনি উপসাগর পাড়ি দিয়ে সিওয়া বন্দরে যাচ্ছিল। জাহাজটিতে ১১৮ জন যাত্রী ও ক্রু ছিলেন।
পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জেএ বারাতা জানান, দিনের পরবর্তী সময় জাহাজটি থেকে দুর্যোগের সঙ্কেত দিয়ে জানানো হয় ‘বড় ধরনের ঢেউয়ের আঘাতে জাহাজটি দুর্ঘটনায় পড়েছে’।
ঘটনাস্থলের নিকটবর্তী সুলাওয়েসি দ্বীপের কর্তৃপক্ষ জানায়, ঢেউয়ের প্রচণ্ড আঘাতে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
কর্মকর্তারা জানান, সর্বশেষ যোগাযোগে জাহাজটির ক্যাপ্টেন জাহাজে পানি ঢুকতে শুরু করেছিল বলে জানিয়েছিলেন।
ইন্দোনেশিয়া দেশটিতে ছোটবড় ১৭ হাজারেরও বেশি দ্বীপ আছে। এসব দ্বীপের মধ্যে যোগাযোগ প্রধানত জাহাজের মাধ্যমেই হয়ে থাকে।
