২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন শান্তি আলোচনা শুরু, যুদ্ধবিরতি কার্যকর

জাতিসংঘের উদ্যোগে ইয়েমেনের বিবাদমান পক্ষগুলোর মধ্যে সুইজারল্যান্ডে শান্তি আলোচনা শুরুর মধ্যেই ইয়েমেনে কার্যকর হয়েছে ৭ দিনের ‍যুদ্ধবিরতি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 08:48 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

সরকারি এক কর্মকর্তা সিনহুয়া বার্তা সংস্থাকে বলেছেন, “দুপুর ১২ টা থেকে ইয়েমেনজুড়ে ৭ দিনের যুদ্ধবিরতি সবেমাত্র শুরু হয়েছে। এ সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছবে মানবিক সাহায্য।”

“সৌদি আরব নেতৃত্বাধীন জোট বাহিনীও এ সময়টিতে হুতি নিয়ন্ত্রিত অবস্থানগুলোতে কোনোরকম বিমান হামলা চালাবে না।”

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ইসমাইল আহমেদ জেনেভায় প্রকাশিত একটি বিবৃতিতে বলেছেন, ইয়েমেন শান্তি আলোচনা শুরু হয়েছে। তিনি ইয়েমেনে গৃহযুদ্ধে লিপ্ত সব পক্ষকে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলার আহ্বান জানান।

ইয়েমেনে মাসের পর মাসের গৃহযুদ্ধ অবসানে এবারের শান্তি আলোচনাটি এক নতুন উদ্যোগ।

এর আগে জুনে জেনেভায় জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া পরোক্ষ আলোচনা পারস্পরিক দোষারোপের মধ্য দিয়ে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

এদিক দিয়ে এবারের শান্তি আলোচনাটি সর্বসম্মত একটি আলোচ্যসূচি দিয়ে শুরু হয়েছে এবং প্রতিনিধিরা সামনা-সামনি বলে আলোচনা করছেন।