২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৪ রাষ্ট্রের ইসলামিক সামরিক জোট ঘোষণা সৌদির

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ৩৪ রাষ্ট্রের একটি ইসলামিক সামরিক জোট গঠনের কথা ঘোষণা করেছে সৌদি আরব।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Dec 2015, 02:49 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-তে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, “সামরিক অভিযান সমন্বয় ও সমর্থন করার জন্য রিয়াদভিত্তিক একটি যৌথ অভিযান কেন্দ্রসহ এখানে (বিবৃতিতে) উল্লেখ করা দেশগুলো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।”

বিবৃতিতে আরো বলা হয়, “কোন মতবাদের অনুসারী বা কী নাম এসব বিবেচনায় না নিয়ে বিশ্বে যারা মৃত্যু ও দুর্নীতি কায়েম করছে এবং নিরপরাধ মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, এমন সব সন্ত্রাসী গোষ্ঠী ও সংস্থার অশুভ তৎপরতা থেকে ইসলামি জাতিগুলোকে রক্ষায় কর্তব্য পালনে” জোটটি গঠন করা হয়েছে।

তবে তালিকায় সুন্নি সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শিয়া ইরানের নাম নেই। এই আঞ্চলিক দুই শক্তি সিরিয়া থেকে ইয়েমেনে এক পরোক্ষ যুদ্ধে জড়িয়ে রয়েছে।

মঙ্গলবার বিরল এক সংবাদ সম্মেলনে ৩০ বছর বয়সী সৌদি ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষামন্ত্রী মোহম্মদ বিন সালমান জানান- ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশর ও আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ‘সমন্বিত’ উদ্যোগ নেবে জোট।

তবে কীভাবে এই সামরিক উদ্যোগ বাস্তবায়িত হবে তার পক্ষে দৃঢ় ইঙ্গিত অল্পই দিতে পেরেছেন তিনি।

তিনি বলেন, “ইরাক ও সিরিয়ায় চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে বৃহৎ শক্তিগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় হতে পারে। বিশ্ব সম্প্রদায় ও ওই স্থানগুলোর বৈধ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া আমরা এসব অভিযান শুরু করতে পারি না।”

নতুন জোটটি শুধু আইএসের বিরুদ্ধেই সক্রিয় হবে কিনা প্রশ্নে সালমান বলেন, “আমাদের সামনে যে সন্ত্রাসী সংগঠন আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

সৌদি আরব ও এর প্রতিবেশী উপসাগরীয় আরব দেশগুলো আরেক প্রতিবেশী ইয়েমেনের বিদ্রোহীদের সঙ্গে নয়মাস ধরে যুদ্ধে জড়িয়ে আছে। এই সময়ের মধ্যে সেখানে শত শত বার বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী।

এদিকে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সামরিক অভিযানে আরো সহায়তা দেওয়ার জন্য উপসাগরীয় আরব দেশগুলোকে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

বিশেষ করে সম্প্রতি পশ্চিমা কয়েকটি দেশে চালানো বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা দায় আইএস স্বীকার করার পর থেকে যুক্তরাষ্ট্র বলতে শুরু করে, উপসাগরীয় আরব দেশগুলোর বোমার শক্তি আইএসের বিরুদ্ধে ব্যবহার করলেই বেশি ভাল হবে। 

বিবৃতিতে জোটে যে দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হল: সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বেনিন, তুরস্ক, চাদ, টোগো, তিউনিসিয়া, জিবুতি, সেনেগাল, সুদান, সিয়েরা লিওন, সোমালিয়া, গ্যাবন, গিনি, ফিলিস্তিন, কমোরোস, কাতার, আইভরি কোস্ট, কুয়েত, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মালি, মালয়েশিয়া, মিশর, মরক্কো, মৌরিতানিয়া, নাইজেরিয়া, নাইজার ও ইয়েমেন।