২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনায় পুলিশ বাস খাদে পড়ে নিহত ৪২

আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের একটি বাস সেতু থেকে পড়ে  অন্তত ৪২ জন নিহত  ও ৯ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 09:31 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

পুলিশ জানায়, আর্জেন্টিনার সীমান্তরক্ষী পুলিশ কর্মকর্তাদেরকে বহনকারী এ বাসটি সেতু থেকে পিছলে ৫৯ ফুট নীচে শুষ্ক নদীতে গিয়ে পড়ে।

প্রাদেশিক জরুরি সেবা কর্মকর্তা ফ্রান্সিসকো মারিনারো ঘটনাস্থল থেকে স্থানীয় টেলিভিশনে বলেন, “আমরা এ পর্যন্ত ৪২ টি লাশ পেয়েছি।”

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে (০৫:০০ জিএমটি) সালতা প্রদেশের রোজারিও দেল ফুন্তে শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

“হঠাৎ করে চাকা ফেটে গেলে চালক বাসের নিয়ন্ত্রণ হারায় এবং এই দুর্ঘটনা ঘটে বলে আমরা জানতে পেরেছি।”

উদ্ধারকর্মীরা দুর্ঘটনা কবলিত বাসে আটকা পড়া হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট মৌরিশিও মাক্রি।