ইয়েমেনে আরব জোটের দুই জ্যেষ্ঠ কমান্ডার নিহত
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর দুই জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।
এদের একজন সৌদি আরবের শীর্ষ সামরিক কর্মকর্তা আব্দুল্লাহ আল শাহিন ও অপরজন সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তা সুলতান মোহম্মদ আলি আল কিতবি।
সোমবার দেশদুটির গণমাধ্যমে তাদের নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়। তাদের পাশাপাশি লড়াইয়ে দুই সৌদি সেনাও নিহত হয়েছেন বলে জানানো হয়।
মঙ্গলবার ইয়েমেনের গৃহযুদ্ধে বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে শান্তি আলোচনার কথা রয়েছে। তার মাত্র একদিন আগের এ ঘটনায় শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম-র প্রতিবেদনে আল কিতবি ইয়েমেনের তায়িজে নিহত হয়েছেন বলে জানানো হয়।
অপরদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন এল আরাবিয়া আল হাদাথ চ্যানেলে শাহিনের ছবি প্রদর্শন করে তাকে শহীদ বলা হয়।
অপরদিকে নিজেদের গণমাধ্যমে হুতিরা জানায়, লোহিত সাগরের উপকূলে এক রকেট হামলায় আরব জোট বাহিনীর ওই দুই কর্মকর্তা নিহত হন।
শিয়া হুতি বিদ্রোহীরা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহর অনুগত সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি উপসাগরীয় আরব জোট বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার সুইজারল্যান্ডে হুতি ও সালেহর সাবেক রাজনৈতিক দল জেনারেল পিপলস কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুন্নি প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির সরকারের আলোচনার কথা রয়েছে।
এই আলোচনা শুরু হওয়ার পাশাপাশি সোমবার থেকে ইয়েমেনে সাতদিনব্যাপী নতুন যুদ্ধবিরতি শুরু হওয়ারও কথা রয়েছে।
কিন্তু জোট বাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশটির অধিকাংশ স্থান দখল করে নিয়েছে। ইয়েমেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হুতিদের হাতে যাওয়া ঠেকাতে মার্চের শেষ দিক থেকে দেশটিতে বিমান হামলা শুরু করে সৌদি নিয়ন্ত্রণাধীন আরব জোট।
জোট বাহিনীর বিমান হামলা ও দুপক্ষের লড়াইয়ে দেশটিতে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন, এদের মধ্যে প্রায় দুই হাজার বেসামরিক মানুষ রয়েছেন।
