২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুর্কি নৌকাকে সতর্ক করে গুলি রাশিয়ার

এজিয়ান সাগরে তুরস্কের একটি মাছধরা নৌকাকে সতর্ক করে গুলি ছুড়েছে রাশিয়ার রণতরী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 08:14 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নৌযানটি খুব কাছে চলে আসায় সংঘর্ষ এড়াতে সেটিকে সতর্ক করে গুলি চালানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের নৌকাটি রুশ রণতরীর ৬০০ মিটারের (১৮০০ ফুট) মধ্যে এসে পড়েছিল। গুলি ছোড়ার পর এটি অন্য পথে সরে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, ক্রুরা যখন তুরস্কের মাছ ধরার নৌকাটি দেখতে পায় তখন সেটি  এক হাজার মিটার দূরে ছিল এবং ডান দিক দিয়ে সরাসরি রণতরী স্মেৎলিভির দিকে ধেয়ে আসছিল।

“অনেক চেষ্টার পরও স্মেৎলিভির ক্রুরা তুর্কি নৌযানটির ক্রুদের সঙ্গে রেডিওতে যোগাযোগ করতে ব্যর্থ হয়। আমাদের দেয়া সংকেতেও তারা সাড়া দেয়নি।”

“তখন সংঘর্ষ এড়াতে বাধ্য হয়েই নিরাপদ দূরত্ব থেকে তুর্কি নৌযানটির দিকে সরাসরি গুলি করা হয়।”

এ ঘটনার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মস্কোয় অবস্থিত তুরস্কের সেনা প্রতিনিধিকে তলব করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত মাসে তুরস্ক-সিরিয়া সীমান্তে তুর্কি জঙ্গি বিমান থেকে গুলি করে রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত করার পর দুই দেশের সম্পর্কে চরম অবনতি হয়েছে।

ওই ঘটনার পর রাশিয়া তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে।

সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সাহায্য করতে রাশিয়ার বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনীও অভিযানে অংশ নিচ্ছে।