প্যারিসে চুক্তিতে পৌঁছানোর শেষ চেষ্টা
জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছার চেষ্টায় প্যারিসের অপেক্ষা গড়াল শনিবার পর্যন্ত।
প্রাথমিক সূচি অনুযায়ী, শুক্রবার পর্যন্ত একটি চুক্তিতে উপনীত হওয়া সম্ভব না হওয়ায় শনিবারও বৈঠক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
সম্মেলনের সভাপতি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যরঁ ফাবিউস বলেন, “আমরা চুক্তির খুব কাছে রয়েছি। আমি আশাবাদী।”
জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বলেন, “এ আলোচনা সবচেয়ে জটিল ও কঠিন। কিন্তু একইসঙ্গে এটা মানবতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
শনিবার সকালে (০৮:০০ জিএমটি) খসড়া প্রস্তাবের নতুন সংস্করণ উপস্থাপন করবেন বলে সাংবাদিকদের জানান ফাবিউস ।
তিনি বলেন, “আমি নিশ্চিত খসড়া প্রস্তাবের নুতন সংস্করণ অনুমোদন পাবে এবং পুরো মানবজাতির এগিয়ে যাওয়ার পথে এটি একটি বড় পদক্ষেপ হবে।”
“আমরা চূড়ান্ত লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি এবং আমি আশাবাদী।”
প্যারিসে শেষ পর্যন্ত একটি চুক্তি সই হলে ২০২০ সাল নাগাদ সেটি কার্যকরা হওয়া শুরু হবে।
৩০ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘ জলবায়ু সম্মেলন শুরু হয়।
‘কপ২১’ শীর্ষক এই সম্মেলনে দীর্ঘমেয়াদে কার্বন নির্গমন কমানোর বিষয়ে একটি চুক্তিতে উপনীত হতে চাইছেন বিশ্ব নেতারা।
