নতুন জাতীয় পতাকা পাচ্ছে নিউজিল্যান্ড
কালো ও নীল রঙয়ের জমিনে রূপালী ফার্ন এবং পাশে চারটি তারকা- এটিই খুব সম্ভবত নিউজিল্যান্ডের নতুন জাতীয় পতাকা হতে চলেছে।
শুক্রবার শেষ হওয়া গণভোটের প্রাথমিক ফলে এই পতাকাটিই এগিয়ে আছে।
আর দ্বিতীয় অবস্থানে আছে লাল, সাদা ও নীল নকশায় (লাল ও নীল জমিনের উপর রূপালী ফার্ন এবং পাশে চারটি তারকা) দেখতে একইরকম আরেকটি পতাকা।
দেরীতে পাওয়া আরো কিছু ভোট এবং বিদেশের ভোটের ফল গণনার পর গণভোটের চূড়ান্ত ফল প্রকাশ হবে মঙ্গলবার।
দুই রঙের নকশার পতাকার মধ্যে ভোটের ব্যবধান খুব কম থাকায় চূড়ান্ত ফলে দ্বিতীয় অবস্থানে থাকা পতাকাটিও জয়ী হতে পারে বলে মনে করা হচ্ছে।
ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষ্যবাহী (ইউনিয়ন জ্যাক সম্বলিত) বর্তমান জাতীয় পতাকা পাল্টাতে চান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি।
নিউজিল্যান্ডের বর্তমান পতাকায় দক্ষিণ গোলার্ধের একটি তারামণ্ডলীর সঙ্গে এক কোনায় ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাকের নকশা খোদিত আছে। ইউনিয়ন জ্যাক যুক্তরাজ্যের জাতীয় পতাকা।
প্রধানমন্ত্রী মনে করেন, নিউজিল্যান্ডের জাতীয় পতাকা একটি ঐতিহাসিক সময়কে তুলে ধরে যার থেকে নিউজিল্যান্ড অনেক দূরে সরে এসেছে।
বর্তমান পতাকাটি দেখতে অনেকটা অস্ট্রেলিয়ার জাতীয় পতাকার মতো, যেটা নিয়েও তার আপত্তি রয়েছে।
গত বছর পতাকা পাল্টানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছিলেন তিনি।
প্রাথমিকভাবে বাছাই করা নতুন নকশার পাঁচটি পতাকার উপর দেশবাসীকে ভোট দেয়ার আহ্বান জানানো হয়।
নিউজিল্যান্ড সরকার এ বছর সেপ্টেম্বরে চারটি পতাকার নকশা এবং তার কয়েক সপ্তাহ পর আরও একটি পতাকার নকশা প্রকাশ করে এবং নাগরিকদের পাঁচটি পতাকার উপর ভোট দেওয়ার আহ্বান জানায়।
২০ নভেম্বর থেকে ডাকযোগে ভোট গ্রহণ শুরু হয়। ১১ নভেম্বর স্থানীয় সময় ১৯:০০ টায় (০৬:০০ জিএমটি) আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়।
চূড়ান্ত ফল ঘোষণার পর জাতীয় পতাকার সংস্কার করা হবে কিনা সে বিষয়ে আগামী মার্চে আরও একটি গণভোট আয়োজনের কথা রয়েছে।
প্রাথমিক ভাবে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া পতাকা দুইটিরই নকশা করেছেন নিউজিল্যান্ডের স্থপতি কেলি লকউড।
রুপালী ফার্ন নিউজিল্যন্ডের জাতীয় প্রতীক এবং চারটি তারকা সাউদার্ন ক্রসের প্রতীক।
পতাকা সংস্কারের পুরো কাজে প্রায় এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
