পুরস্কার নিচ্ছেন নোবেল বিজয়ীরা
নরওয়ের রাজধানী অসলো ও সুইডেনের রাজধানী স্টোকহোমে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নোবেল পুরস্কার নিতে জড়ো হয়েছেন এবছরের নোবেল পুরস্কার বিজয়ীরা।
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত মাসের ভয়াবহ জঙ্গি হামলার পর ইউরোপজুড়ে উদ্বেগের কারণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি হচ্ছে বৃহস্পতিবারেই।
চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল গত অক্টোবরে।
শান্তিতে নোবেল পুরস্কার জয়ী তিউনিসিয়ার চারটি সংগঠন অসলো থেকে পুরস্কার গ্রহণ করবে।
গণবিপ্লবের পর তিউনিসিয়ার জাতীয় সংলাপে ওই চারটি সংগঠন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। মধ্যপ্রাচ্যে আবর বসন্তের সূচনা হয়েছিল তিউনিসিয়ায়।
সংগঠনগুলো হল- তিউনিশিয়ান জেনারেল লেবার ইউনিয়ন (ইউজিআইটি); দ্য তিউনিশিয়ান কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্র্যাফটস (ইউটিআইসিএ); তিউনিসিয়ান হিউম্যান রাইটস লিগ (এলটিডিএইচ) ও তিউনিসিয়ান অর্ডার অব ল’ইয়ারস।
অসলো পুলিশ প্রধান জোহান ফ্রেডরিকসেন বলেন, “বর্তমানে ইউরোপের যে পরিস্থিতি তাতে অন্যান্যবারের তুলনায় এবার অনেক কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
যদিও কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তবে পুলিশের জানা মতে নরওয়েতে বিশেষ কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানান তিনি।
গত বছর অসলো সিটি হলে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই ও ভারতের সমাজকর্মী কৈলাস সত্যার্থী পুরস্কার নেওয়ার সময় মেক্সিকোর পতাকা হাতে এক বিক্ষোভকারীর কারণে অনুষ্ঠান বিঘ্নিত হয়।
ওই ব্যক্তি অনুষ্ঠানে আমণ্ত্রিত অতিথি ছিলেন না। কিন্তু কায়দা করে চেকপয়েন্ট পেরিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে সক্ষম হন।
সাহিত্য, রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান ও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীরা সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন।
নোবেল বিজয়ীরা প্রথম স্টোকহোমের সিটি হলে একটি ভোজে অংশ নেবেন। ওই ভোজে ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রঘির মত ভিআইপিরা অংশ নেবেন।
এরপর তারা একটি কনসার্ট হলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে পুরস্কার গ্রহণ করবেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজপরিবারের সদস্য এবং দেশটির কয়েকশ’ রাজনীতিবিদ উপস্থিত থাকবেন।
প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর সুইডেনে সন্ত্রাসের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়। স্বাভাবিকভাবেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়ছে।
প্রত্যেক পুরস্কার বিজয়ী একটি মেডেল এবং ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন।
এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের তাকাকি কাজিতা ও কানাডার আর্থার ম্যাকডোনাল্ড।
পদার্থের অণুতে নিউট্রিনোর রূপ বদলের স্বরূপ খুঁজতে গিয়ে এই কণার ভর থাকার কথা তারাই প্রথম জানান।
গোলকৃমি ও ম্যালেরিয়ার পরজীবীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী।
তাদের মধ্যে আয়ারল্যান্ডের উইলিয়াম সি ক্যাম্পবেল ও জাপানের সাতোশি ওমুরা গোলকৃমির পরজীবী সংক্রমণের চিকিৎসায় নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য এবং চীনের ইউইউ তু ম্যালেরিয়া চিকিৎসায় নতুন এক ধরনের ওষুধ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান।
জীবন্ত কোষ কী করে তার ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত করে এবং কীভাবে জিনে থাকা তথ্যের সুরক্ষা দেওয়া হয় এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার পুরস্কার হিসেবে রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন সুইডেনের টমাস লিন্ডাল, যুক্তরাষ্ট্রের পল পল মডরি ও তুরস্কের আজিজ সানজার।
সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের লেখক, অনুসন্ধানী সাংবাদিক সোয়েতলানা আলেক্সিয়েভিচ, যার ‘বহুস্বরের’ গদ্যকে সুইডিশ অ্যাকাডেমি অভিহিত করেছে ‘সমকালীন যাতনা আর সাহসিকতার সৌধ’ হিসেবে।
ভোগ, দারিদ্র ও জনকল্যাণ বিষয়ে গবেষণার জন্য মার্কিন অর্থনীতিবিদ অ্যানগাস ডেটন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করছেন।
