রিয়াদে মিলিত হচ্ছে সিরিয়ার বিদ্রোহীরা
সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বৈঠকে মিলিত হচ্ছে গৃহযুদ্ধকবলিত সিরিয়ার বিভক্ত হয়ে পড়া সরকারবিরোধী রাজনৈতিক ও বিদ্রোহী দলগুলো।
সিরিয়া বিষয়ে সম্ভাব্য শান্তি আলোচনা শুরুর আগে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে এই বৈঠক।
বিবিসি বলছে, মঙ্গলবার দিনের কোনো এক সময় বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
বৈঠক উপলক্ষে রিয়াদে সিরিয়ার সরকারবিরোধী রাজনৈতিক ও সশস্ত্র উপদলগুলো একত্রিত হয়েছে। সরকারের সঙ্গে আসন্ন আলোচনার আগে দল-উপদলে বিভক্ত বিরোধীপক্ষের একটি সাধারণ রাজনৈতিক অবস্থান তৈরি করাই বৈঠকটির উদ্দেশ্য।
ভিযেনার বৈঠকে বিশ্ব শক্তিগুলো জানুয়ারির মধ্যে সিরীয় সরকারের সঙ্গে বিরোধীদের একটি আনুষ্ঠানিক আলোচনা শুরু করার বিষয়ে মত দিয়েছে।
কিন্তু সিরিয়ার বিভিন্ন সরকারবিরোধী দল-উপদলগুলোর দলাদলি ও সংঘাত কূটনীতিকে বাধাগ্রস্ত করছে। এসব বিরোধী দলের মধ্যে সাবেক তুর্কিভিত্তিক একটি সরকারবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে মাঠে থাকা বিদ্রোহী যোদ্ধাদের কোনো দলের যোগাযোগ নেই।
এর মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক ও ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারী আঞ্চলিক প্রভাবশালী শক্তি ইরান রিয়াদের বৈঠকের বিষয়ে আপত্তি তুলে এই বৈঠকের কারণে আলোচনা ব্যর্থ হতে পারে বলে সতর্ক করেছে।
তবে এরপরও ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) ডজন খানেক উপদল রিয়াদের বৈঠকে উপস্থিত থাকবে। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়া উপদলগুলোও রয়েছে।
সিরিয়ার শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী জইশ আল ইসলাম রিয়াদে থাকবে বলে জানিয়েছে। রাজধানী দামেস্কের কাছাকাছি সক্রিয় এই সশস্ত্র সরকারবিরোধী গোষ্ঠীটি রাজধানীর পূর্বাংশের ঘোউতা শহরতলীর অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।
তবে গোষ্ঠীটির কমান্ডার জাহরান আলোউশ বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না। যে রাস্তা ব্যবহার করে দামেস্ক ছাড়ার পরিকল্পনা করেছিলেন তিনি, সেই রাস্তাটির নিয়ন্ত্রণ তার বাহিনীর হাতছাড়া হয়ে যাওয়াই এর কারণ বলে জানা গেছে।
আল কায়েদার সঙ্গে সম্পর্কিত নুসরা ফ্রন্টের পাশাপাশি থেকে লড়াই করা আহরার আল-শাম গোষ্ঠীকেও রিয়াদের আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা উপস্থিত থাকবে কিনা তা এখনও তাদের পক্ষ থেকে জানানো হয়নি।
আলোচনায় নুসরা ফ্রন্ট ও তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) উপস্থিত থাকছে না।
সিরিয়ার উত্তরাংশের বেশ বড় একটি এলাকার নিয়ন্ত্রণকারী একটি কুর্দি গোষ্ঠী, যারা মার্কিন সাহায্য নিয়ে আইএসের বিরুদ্ধে লড়ছে, তাদের রিয়াদের বৈঠকে ডাকা হয়নি বলে গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে।
কুর্দিদের অংশগ্রহণ ছাড়া রিয়াদের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে না বলে মনে করছে সিরিয়ার বিদ্রোহী কুর্দি গোষ্ঠীগুলো।
তারপরও আলোচনা ‘ফলপ্রসূ’ হবে বলে মনে করছেন পশ্চিমাপন্থি এফএসএ-র একটি উপদল প্রধান।
