ক্যালিফোর্নিয়ায় হামলাকারী দম্পতি আমাদের অনুসারী: আইএস
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সরকারি সেবাকেন্দ্রে হামলায় অংশ নেওয়া দম্পতিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিজেদের অনুসারী বলে দাবি করেছে।
শনিবার আইএস পরিচালিত রেডিও আল-বয়ানে এক বিবৃতিতে এ দাবি করা হয়।
বুধবার ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনো শহরের ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে এক পার্টিতে রাইফেল নিয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান তাশফিন মালিক (২৭) ও তার স্বামী রিজওয়ান ফারুক (২৮)। এতে ১৪ জন নিহত ও ২১ জন আহত হয়।
হামলার পরপরই পুলিশের অভিযানে পাকিস্তানি বংশোদ্ভূত ওই দম্পতি নিহত হয়।
পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও কয়েক হাজার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
আরবিতে দেওয়া বিবৃতিতে বলা হয়, “কয়েক দিন আগে ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনো শহরের কেন্দ্রে ইসলামিক স্টেটের দুজন অনুসারী হামলা চালিয়েছে।”
পরে একই রেডিওতে প্রচারিত ইংরেজি বিবৃতিতে ওই দম্পতিকে ইসলামিক স্টেটের ‘যোদ্ধা’ হিসেবে বর্ণনা করা হলেও তা দিয়ে ‘আইএস সদস্য’ বোঝানো হয়েছে কি না তার পরিষ্কার নয়।
এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছিলেন, আইএস নেতা আবু বকর আল-বাগদাদীর প্রতি আনুগত্য প্রকাশ করে তাশফিন অন্য একটি ফেইসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছিলেন।
এফবিআই প্রকাশিত তাশফিন মালিকের ছবি। রয়টার্স
পরে তল্লাশি অভিযানে ওই দম্পতির কম্পিউটারের হার্ড ড্রাইভসহ বাড়ির যাবতীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়।
হামলার কাছাকাছি সময় তাশফিন ওই পোস্টটি দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। তবে তাশফিন নিজে নাকি তার হয়ে অন্য কেউ ফেইসবুকে ওই পোস্ট দেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের একজোট থাকার আহ্বান জানিয়ে শনিবার রেডিওতে প্রচারিত বক্তৃতায় ওবামা বলেন, “আমরা শক্তিশালী, আমরা অবিচল এবং আমরা সন্ত্রাসের কাছে মাথা নত করব না।”
ওই দম্পতির হামলার উদ্দেশ্য কি ছিল এফবিআই, সেটা খুঁজে বের করবে বলেও জানান তিনি।
