২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে জঙ্গি বিরোধী অভিযানে নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজন এক জঙ্গির বাড়িতে অভিযান চলার সময় ওই জঙ্গিসহ তার পরিবারের অপর দুই সদস্য নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Dec 2015, 03:52 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

শনিবার ওই জঙ্গির বাড়িতে সেনাবাহিনীর অভিযান চলার সময় আত্মঘাতী বিস্ফোরণে ওই তিনজন নিহত হন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী ও মেডিকেল সূত্রগুলো।

গত মাসে রাজধানী বৈরুতের এক ব্যস্ত এলাকায় দুটি আত্মঘাতী হামলায় ৪৪ জন নিহত হওয়ার পর আইএস হামলার দায় স্বীকার করে।

এর পরপরই লেবাননজুড়ে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী।

লেবাননের বন্দর শহর ত্রিপোলির উত্তরপূর্ব দিকের দেয়ির আম্মার টাউনে সন্দেহভাজন জঙ্গি মোহাম্মদ হামজেহ এবারের অভিযানটি চালানো হয়। কিন্তু গ্রেপ্তারের আগেই হামজেহর আত্মঘাতী বিস্ফোরণে সে ছাড়াও তার মা ও স্ত্রী নিহত হন।

এতে নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানিয়েছে, আইএসের প্রতি একাত্মতা প্রকাশ করা একটি গোষ্ঠীর সদস্য ছিলেন হামজেহ।

গত সপ্তাহে একটি লেবাননি আদালত আইএসের সঙ্গে জড়িত ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। এদের মধ্যে ২৩ জন সরাসরি শিয়া মুসলিমদের লক্ষ্য করে চালানো বৈরুতের বোমা হামলার সঙ্গে জড়িত। 

সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাব প্রতিবেশী লেবাননেও ছড়িয়ে পড়েছে। লেবাননের সুন্নি উগ্রপন্থিরা শিয়াদের বিরুদ্ধে বোমা হামলা চালিয়েছে, দুপক্ষের লোকজন সশস্ত্র বন্দুক লড়াইয়ে জড়িয়ে পড়েছে বেশ কয়েকবার। এসব লড়াইয়ে কয়েকশত মানুষ নিহত হয়েছেন।

এদিকে লেবাননের জেল থেকে উগ্রপন্থি কয়েকজন সুন্নির মুক্তির বিনিময়ে মঙ্গলবার ১৬ লেবাননি নিরাপত্তা সদস্যকে মুক্তি দেয় আল কায়েদার সিরিয়া শাখা। 

২০১৪ সালের অগাস্টে লেবানন-সিরিয়ার সীমান্ত শহর আর্সাল দখল করে নিয়েছিল আল কায়েদা ও আইএস। তখন থেকে লেবাননি এই নিরাপত্তা সদস্যরা আল কায়েদার হাতে বন্দি ছিলেন।