২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দি ৩০ ফার্ক গেরিলাকে ক্ষমা করবে কলাম্বিয়া

কলম্বিয়ার সরকার দেশটির বিভিন্ন কারাগারে বন্দি থাকা রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) প্রায় ৩০ জন গেরিলাকে সাধারণ ক্ষমা ঘোষণা করবে বলে জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2015, 10:06 AM

Updated : 25 Apr 2022, 02:11 PM

সরকারের এক বিবৃতির বরাতে বিবিসি বলছে, দীর্ঘদিন ধরে লড়াই চালানো বিদ্রোহী এই গোষ্ঠীটির সঙ্গে শান্তি আলোচনায় দ্বিপাক্ষিক আস্থা সৃষ্টির লক্ষ্যেই এই পদক্ষেপ।

ক্ষমা পেতে যাওয়া সম্ভাব্য ফার্ক গেরিলাদের কেউই গুরুতর কোনো অপরাধে দণ্ডিত নন বলেও বিবৃতি উল্লেখ করা হয়েছে।

কলম্বিয়ায় ফার্ক গেরিলাদের সশস্ত্র বিদ্রোহের অবসান এবং মূলধারার রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে তিনবছর ধরে কিউবায় আলোচনা চলছে।

হাভানায় ফার্কের প্রতিনিধিরা স্বাস্থ্যগত সমস্যা নিয়ে যেসব গেরিলা কারাবন্দি রয়েছেন তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। দণ্ডিত ফার্ক গেরিলাদের ক্ষমা ঘোষণা বিষয়ে কলম্বিয়ার সরকারের বিবৃতি সেই আহ্বানেরই ধারাবাহিকতা।

শান্তি আলোচনা চলার সময় ফার্ক বিদ্রোহী গোষ্ঠীও সরকারের মধ্যে আস্থা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরমধ্যে ১৭ বছরের নিচে কোনো শিশুকে তাদের দলে অন্তর্ভুক্ত না করা এবং যেসমস্ত এলাকায় মাইন পেতে রাখা হয়েছে সেসব এলাকা থেকে মাইন অপসারণে সহায়তা করা ইত্যাদি।

শান্তি আলোচনায় গতি আনার অনুরোধ জানিয়ে গেল সপ্তায় ফার্ক নেতা টিমোচেঙ্কোর সঙ্গে আলোচনা করার জন্য কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস তার ভাইকে হাভানায় পাঠিয়েছেন।

চলতি বছরের সেপ্টেম্বরে কলম্বিয়া সরকার ও ফার্ক গোষ্ঠী ২০১৬ সালের ২৩ মার্চের মধ্যে একটি কার্যকর শান্তিচুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে অঙ্গীকার করে।

রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া বা ফার্ক ১৯৬৪ সাল থেকে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। তারপর থেকে সরকারি বাহিনী ও বিদ্রোহীর সংঘর্ষে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছেন।