রুশ বিমানের মূল কেবিনেই ছিল বোমা!
মিশরের সিনাইয়ে বিধ্বস্ত রাশিয়ার বিমানটির মূল কেবিনেই বোমা রাখা ছিল। সেটির বিস্ফোরণে বিমানটি বিধ্বস্ত হয়।
রুশ পত্রিকা কোমেরসান্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে।
এর আগে বিমানটির কার্গো হোল্ডে বোমা পাতা হয়েছিল বলে খবর পাওয়া গিয়েছিল।
কিন্তু বুধবার বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে কোমেরসান্ত পত্রিকা জানায়, বোমা বিস্ফোরণের কেন্দ্র দেখে ধারণা করাহচ্ছে, বিমানটির লেজের অংশের কাছে কেবিনের পেছন দিকে বোমাটি রাখা ছিল।
পত্রিকাটি আরও জানায়, “প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী, খুব সম্ভবত জানালার পাশে বসা একজন যাত্রীর আসনের নিচে ছিল বোমা। এটিই বিস্ফোরিত হয়ে বিমানটি ধ্বংস হয়।”
গত ৩১ অক্টোবর মিশরের সিনাইয়ে রাশিয়ার এ বিমানটি বিধ্বস্ত হয়ে ২২৪ জন আরোহীর সবাই নিহত হয়। বিমানটি মিশরের শারম-আল শেখ থেকে রাশিয়ার সেন্টপিটার্সবার্গে যাচ্ছিল।
রাশিয়া শুরুতে বোমা বিস্ফোরণে বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার না করলেও মঙ্গলবার প্রথমবারের মতো জানিয়েছে যে, বোমার কারণেই বিমানটি বিধ্বস্তহয়েছে।
