২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে আইএস’র হামলার আশঙ্কা

ফ্রান্সের পর এবার জাপানে ইসলামিক স্টেটের (আইএস) হামলার আশঙ্কা করছেন দেশটির নিরাপত্তা দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 07:55 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

হুমকি মোকাবেলায় জাপানজুড়ে পুলিশী তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাপানের জাতীয় পুলিশ সংস্থার প্রধান মাসাহিতো কানেতাকা এবং জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান তারো কোনো একথা জানিয়েছেন।

আগামী বছর অনুষ্ঠেয় এক সম্মেলনের নিরাপত্তা বিষয়ক কথা বলার সময় কর্মকর্তারা আইএস এর হামলার হুমকির কথা টোকিওয় সাংবাদিকদের জানান।

গত কয়েক মাস ধরে আইএস বিভিন্ন বার্তার মাধ্যমে জাপানকে হুমকি দিয়ে আসছিল। গত সেপ্টম্বরে প্রধানমন্ত্রী শিনজো আবে আইএস দমন ও শরণার্থীদের সহায়তায় প্রায় ৮০ কোটি ডলারের তহবিল সরবরাহের ঘোষণা দেন। এরপরই বাংলাদেশে এক জাপানি নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়।

সব কিছু মাথায় রেখে সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান তারো কোনো বলেন, জাপানের মাটিতে যে সন্ত্রাসী হামলা হবে না তার কোন নিশ্চয়তা নেই। যে কোন মুহুর্তে এখানেও বড় ধরনের হামলা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি।

সারা বিশ্বে জঙ্গিগোষ্ঠী আইএস এর তৎপরতা বিষয়ক তথ্য আমাদের গোয়েন্দারা বিশ্লেষণ করছে। আর সব কিছু মিলে আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা  আইন-শৃঙ্খলাবাহিনী বেশ তৎপর রয়েছে বলেও  জানান তিনি।

২০০৭ সাল থেকে জাপান ইমিগ্রেশন ব্যুরোর আওতায় বিদেশিদের আঙুলের ছাপ ও ছবি তুলে রাখছে। আর এসব তথ্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদানও হয়।

ইতোমধ্যে ৭০ মিলিয়ন আঙুলের ছাপ সংগ্রহে থাকার কথা জানিয়ে জাতীয় পুলিশ সংস্থা (এনপিএ) প্রধান মাশাহিতো কানেতাকা বলেন, জাপান আগে থেকেই ইসলামিক স্টেট (আইএস) এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাস দমনে সম্প্রতি পাস করা নিরাপত্তা বিল তাদের চক্ষুশূল হয়েছে।

সারা বিশ্বে সন্ত্রাসী হামলা ও হুমকির প্রেক্ষিতে জাপানেও হামলা হওয়া অনেকটাই স্বাভাবিক। আর এজন্য আমাদের পুলিশকে যে কোন জরুরি অবস্থায় সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্যারিসে হামলার কথা স্মরণ করে এ পুলিশ কর্তা বলেন,  আমরা ইতোমধ্যে যেকোন ধরনের রাসায়নিক দ্রব্য ও বিস্ফোরক দ্রব্য কেনা-বেচার ওপর নজরদারি করেছি। আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যদের ইতোমধ্যেই বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলেও জানান তিনি।