২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও হামলা হতে পারে: সিআইএ প্রধান

প্যারিসের মতো ওয়াশিংটনেও ইসলামিক স্টেটের (আইএস) হামলা চালানোর হুমকির পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জন ব্রেনান একই ধরনের আরো হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2015, 02:33 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

সোমবার ওয়াশিংটনের পলিসি ইন্সটিটিউটে দেওয়া এক বক্তৃতায় ব্রেনান প্যারিসের হামলা ‘স্বতন্ত্র’ কোনো ঘটনা ছিল না বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “জঙ্গিদের একই ধরনের আরো হামলার পরিকল্পনা রয়েছে।”

জঙ্গিদের হামলার পরিকল্পনাগুলো ব্যর্থ করে দেওয়া চেষ্টা চললেও কাজটি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন সিআইএপ্রধান।

তিনি বলেন, “ইউরোপ থেকে শত শত যোদ্ধা সিরিয়া এবং ইরাকে গিয়েছিল, যাদের অনেকেই নিজ নিজ দেশে ফিরেছে। কিন্তু ইউরোপের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর তাদেরকে শনাক্ত করার মতো সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।”

গোয়েন্দাদের ধারণা, ২০১১ সাল থেকে অন্তত পাঁচ হাজার ইউরোপিয়ান সিরিয়ায় যুদ্ধে গেছেন, যাদের মধ্যে ফরাসি ছিলেন প্রায় দেড় হাজার। এসব ফরাসির অর্ধেকের বেশি দেশে ফিরেছে বলে মনে করেন তারা।

শুক্রবার প্যারিসের কয়েকটি বার, রেস্তরাঁ, একটি কনসার্ট হল এবং জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রসে নৃশংস হামলায় ১২৯ জনের নিহতের দায় স্বীকার করেছে আইএস। এর পরপরই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ফ্রান্স, বেলজিয়ামসহ অন্যান্য দেশ অভিযান চালায়।

ব্রেনান যেদিন শঙ্কার কথা জানান ওইদিনই এক ভিডিও বার্তায় প্যারিসের মতো একই কায়দায় ওয়াশিংটনে চালানোর হুমকি দেয় আইএস।

ইরাকি ওয়ালিওয়াত কিরকুক নামে আইএসের একটি উপদলের কাছ থেকে ভিডিও বার্তাটি এসেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর এলেও কেউই এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

প্যারিসে হামলার বিষয়ে ব্রেনান বলেন, “আমেরিকার গোয়েন্দারা এখনও নিশ্চিত নন যে আইএসই হামলাটি করেছে। তবে প্যারিসের হামলা এবং মিশরে রাশিয়ার বিমানে হামলায় ২২৪ জন নিহতের ঘটনায় ইসলামপন্থি দলটির সম্পৃক্ততার ইঙ্গিত মেলে।”

ওয়াশিংটনে হামলার হুমকির বিষয়ে ব্রেনান বলেন, “আইএস যে ভিডিও বার্তা দিয়েছে তাতে মনে হচ্ছে তারা আরো হামলা চালাতে একটি আলাদা শাখা তৈরি করেছে।”

আইএসের সব হামলার পরিকল্পনা উন্মোচন করতে নিজেদের করণীয় নির্ধারণে গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা ইউরোপসহ বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।