মিয়ানমারে ‘বিপুল জয়ে’ আশাবাদী এনএলডি
মিয়ানমারে সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে ‘বিপুল জয়’ পাওয়া নিয়ে আশাবাদী গণতন্ত্রপন্থি অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি(এনএলডি)।
এ পর্যন্ত ঘোষিত ফলে ২৮ আসনের মধ্যে ২৫টিতে জয় পেয়েছে এনএলডি। প্রায় ৭০ শতাংশ আসন জয়ের ব্যাপারে দৃঢ় আস্থা প্রকাশ করেছেন এনএলডি’র এক মুখপাত্র। দলের নেত্রী সু চিও বলেছেন, "আমার মনে হয় সবাই আন্দাজ করতে পারছে ফলাফল কি হবে।"
এনএলডি এরই মধ্যে জানিয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৫ টি আসনের ৪৪ টিই তারা জিতেছে। আর জাতীয়ভাবে ৭০ শতাংশের বেশি আসন পাওয়ার দাবি করেছেন দলের এক ঊর্ধ্বতন সদস্য। তবে চূড়ান্ত ফলের আগে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ওদিকে, ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি (ইউএসডিপি) প্রাথমিকভাবে ঘোষিত মোট ১৩ আসনের ফলে মাত্র একটিতে জয় পায় বলে জানিয়েছিল ইউনিয়ন ইলেকশন কমিশন।
ইউএসডিপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসি কে জানান, তিনি তার নিজ আসনেও এনএলডি’র কাছে হেরেছেন।
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বাদবাকী আসনগুলোর ফল দিনে ছয়বার করে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ইউ টিন।
ভোটের প্রাথমিক সরকারি ফল ঘোষণার আগেই সু চির দলের কাছে পরাজয় মেনে নেয় সেনাসমর্থিত ক্ষমতাসীনরা।
রোববার অনুষ্ঠিত শান্তিপূর্ণ এ নির্বাচনের ফল সোমবার দুপুর পর্যন্ত প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভোটের ৮০ শতাংশই পাওয়ার দাবি করে।
নির্বাচনে সু চির দল বিপুল বিজয় পেতে যাচ্ছে বলেই ধারণা বিশ্লেষকদের।
৫০ বছরের বেশি সময় ধরে সামরিক কর্তৃত্বের অধীনে থাকা মিয়ানমারের তিন কোটি ভোটারের মধ্যে ৮০ শতাংশ রোববার তাদের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণে ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু হয়েছে।
রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের ৫০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো গণতান্ত্রিক সরকার গঠনে সু চির দল এনএলডির সংসদের দুই-তৃতীয়াংশ আসন দরকার।
