ব্রাজিলের বাঁধ ধসের তিনদিন পরও নিখোঁজ ২৮
ব্রাজিলে লোহার খনির বর্জ্যের পানি ধরে রাখার বাঁধ ভেঙে ব্যাপক বন্যা ও কাদার স্রোতে একটি শহরসহ কয়েকটি গ্রাম ভেসে যাওয়ার তিনদিন পর এখনো ২৮ জন নিখোঁজ রয়েছেন।
ব্রাজিলের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে বাঁধটি হঠাৎ করে ধসে পড়ে। এতে কাদা ও পানির স্রোতে বাঁধের নিচের দিকের প্রায় একশ কিলোমিটার এলাকা ভেসে যায়।
এ ঘটনায় রোববার রাত পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে দুজনের লাশ ওইদিনই উদ্ধার করা হয়।
ওই রাত পর্যন্ত মোট ২৮ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ, এদের মধ্যে ১৩ জন খনিকর্মী।
রিও ডি জেনেরিয়ো শহরের সরাসরি উত্তরে অবস্থিত খনিসমৃদ্ধ মিনাস গেরায়িস রাজ্যের ঘটনাস্থলে ৫০০ উদ্ধারকর্মী কাজ করছেন। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও বিশেষ ধরনের যন্ত্রপাতি নিয়ে কাদা ও বন্যার পানিতে ডুবে যাওয়া এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছেন তারা।
এই উদ্ধারকাজে দীর্ঘ সময় ও প্রচুর পরিশ্রম করতে হবে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার প্রতিক্রিয়ায় খনিশিল্পের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার দাবি উঠেছে ব্রাজিলের সর্বস্তর থেকে।
খনিশিল্প ব্রাজিলের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত।
হেলিকপ্টারে ঘটনাস্থল পরিদর্শনের পর বিরাজমান তদারকি ব্যবস্থাকে ‘পর্যাপ্ত নয়’ বলে মন্তব্য করেছেন রাজ্য গভর্নর ফার্নান্দো পিমেনটেল।
তিনি বলেন, “এই দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।”
ঘটনাস্থল থেকে ৫৮০ জন বাসিন্দাকে সরিয়ে নিয়ে হোটেল বা তাদের স্বজনদের বাসায় রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে পরিচালনাকারী খনি কোম্পানির সমালোচনা করেছে ব্রাজিল সরকার ও দেশটির নাগরিকরা।
