আফগানিস্তানে ৭ জনকে অপহরণ ও হত্যা করেছে আইএস
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে ৭ জনকে অপহরণ করে হত্যা করেছে।
রোববার এক পুলিশ কর্মকর্তা জানান, ওই অঞ্চলটিতে আইএস এর সঙ্গে তালেবান বিদ্রোহী গ্রুপের তুমুল লড়াই চলার মাঝে এ ঘটনা ঘটে।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে আইএস এর তৎপরতা বাড়ছে। সরকারি বাহিনী এবং তালেবানের সঙ্গে লড়ছে তারা। তাদের উত্থান আফগানিস্তানের বাইরে উদ্বেগ সৃষ্টি করেছে।
জাবুলের উপ-পুলিশ প্রধান গুলাম জিলানি ফারাহি জানান, গজনি প্রদেশের গেলান এলাকার রাসানি গ্রামে ১ অক্টোবরে অপহৃতদের মৃতদেহ খুঁজে পায় পুলিশ। তারা হাজারা গোষ্ঠীর মানুষ। আইএস তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান তিনি।
এ হত্যাকাণ্ড থেকে আফগানিস্তানে অবনতিশীল নিরাপত্তা পরিবেশে সহিংসতার মাত্রা বাড়ার বিষয়টিই স্পষ্ট হয়ে উঠছে।
