'রুশ বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ ইঞ্জিনে গোলযোগ নয়'
মিশরের সিনাইয়ে রুশ বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ যান্ত্রিক ত্রুটি ছিল না বলে ধারণা করছেন ফ্রান্সের তদন্ত কর্মকর্তারা।
তদন্ত ঘনিষ্ঠ ফ্রান্সের বিমান পরিবহন কর্মকর্তারা বিবিসি কে এ তথ্য জানান।
ফ্রান্সের অন্য কর্মকর্তারা বলেন, "ব্লাকবক্সের তথ্য বিশ্লেষণ করে মনে হচ্ছে, হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণের কারণেই বিমানটি বিধ্বস্ত হয়।"
"আকাশে উড়ার সময় বিমানের ভেতরে সব কিছু স্বাভাবিক, একদম স্বাভাবিক ছিল। হঠাৎ করেই সেখানে সবকিছু নাই হয়ে যায়।"
ফ্রান্স-২ টেলিভিশনে এক বক্তব্যে প্রায় একই ধরনের উপসংহার টেনেছে অন্য একটি তদন্তদল।
শনিবার মিশরের সিনাই উপদ্বীপে ২২৪জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় রাশিয়ার এ-৩২১ মডেলের একটি বিমান। আরোহীদের কেউই বেঁচে নেই। নিহত আরোহীদের বেশির ভাগই রাশিয়ার নাগরিক।
বিধ্বস্ত বিমানটি ফ্রান্সের এয়ারবাস কোম্পানির তৈরি। এ কারণে ফ্রান্সের তদন্তদল এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে চাইছে।
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানকারী ব্রিটিশ তদন্তকারীরা বিবিসিকে বলেছিল, তাদের ধারণা বিধ্বস্ত রুশ বিমানটিতে বোমা রাখা ছিল।
বিমানটি উড়ার আগেই সেটির কার্গো হোল্ডে বোমাটি রাখা হয়েছিল বলেও ধারণা তাদের।
সিনাইয়ে জঙ্গিদের মধ্যকার গোপন আলাপ থেকে পাওয়া গোয়েন্দা তথ্যে তদন্তকারীরা বোমা পাতার বিষয়টি জানতে পারেন।
ইসলামিক স্টেট (আইএস) এর কোনো চর রাশিয়ার বিমানটির মালামাল রাখার জায়গাটিতে গোপনে বোমা পেতেছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে গোয়েন্দা তথ্যে।
তাছাড়া, বিমানটি ভেঙে পড়ার সময় আকাশে আলোর ঝলকানি এবং সাহায্য চেয়ে পাইলটের কোনো কল না আসা-- এসবকিছুই বোমা বিস্ফোরণেরই ইঙ্গিত দেয় বলেও মনে করছেন গোয়েন্দারা।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আইএস সংশ্লিষ্ট সিনাইয়ের একটি জঙ্গিদল এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে। তবে কিভাবে তারা বিমানটি ধ্বংস করেছে সে বিষয়ে কিছু বলেনি।
বোমা বিস্ফোরণের কারণে বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়ার পর মিশরগামী সব ফ্লাইট বন্ধের নির্দেশ দিয়েছে রাশিয়া।
