২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার বিধ্বস্ত বিমানটিতে ‘বোমা ছিল’

মিশরের সিনাইয়ে বিধ্বস্ত রুশ বিমানটিতে বোমা রাখা ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানকারী ব্রিটিশ তদন্তকারীরা এমনটিই ধারণা করছেন বলে জানিয়েছে বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 04:49 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

শনিবার মিশরের সিনাই উপদ্বীপে ২২৪জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় রাশিয়ার এ-৩২১ বিমান।

বিমানটি ওড়ার আগেই সেটির কার্গো হোল্ডে বোমাটি রাখা হয়েছিল বলে ধারণা তদন্তকারীদের।

বিমানটি সন্ত্রাসী হামলার কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে যুক্তরাজ্য সন্দেহ প্রকাশের পর এ তথ্য জানাল।

সিনাইয়ে জঙ্গিদের মধ্যকার গোপন আলাপ থেকে পাওয়া গোয়েন্দা তথ্যে তদন্তকারীরা বোমা পাতার বিষয়টি জানতে পেরেছেন।

ইসলামিক স্টেট (আইএস) এর কোনো চর রাশিয়ান বিমানটির মালামাল রাখার জায়গাটিতে গোপনে বোমা পেতেছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে গোয়েন্দা তথ্যে।

তাছাড়া, বিমানটি ভেঙে পড়ার সময় আকাশে আলোর ঝলকানি এবং সাহায্য চেয়ে পাইলটের কোনো কল না আসা-- এসবকিছুই বোমা বিস্ফোরণেরই ইঙ্গিত দেয় বলেও মনে করছেন গোয়েন্দারা। ফলে এখন বিমানে মালামাল রক্ষকদেরকে কেন্দ্র করেই মূল তদন্তটা শুরু করা হচ্ছে বলে মেইল অনলাইন কে জানিয়েছেন ডাউনিং স্ট্রিটের এক সূত্র।

বিবিসি’র নিরাপত্তা বিষয়ক এক সংবাদদাতা বলছেন, বিমানে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এখনো একেবারে উড়িয়ে দেননি ব্রিটিশ কর্মকর্তারা। তবে এটি ঘটার সম্ভাবনা খুব কম বলেই তারা মনে করছেন।

ওই সংবাদদাতা আরও জানান, গত বুধবার পাওয়া নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তকারীদের ধারণা, বিমানটির ব্যাগেজ কম্পার্টমেন্টের লোকজনদের সঙ্গে যোগসাজস আছে এমন কেউ বিমানটি ওড়ার ঠিক আগেই বিমানটির ভেতরে কিংবা লাগেজের ওপরে বিস্ফোরক ডিভাইস রেখেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার সিবিএস টিভিতে বলেছেন, বিধ্বস্ত বিমানটিতে বোমা থাকার সম্ভাবনা আছে বলেই তিনি মনে করেন। বিষয়টিকে যুক্তরাষ্ট্রও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন বলে জানান তিনি।

তবে মিশর এবং রাশিয়া বলছে, এ বিষয়ে কোনো উপসংহার টানার সময় এখনও আসেনি।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই সিনাইয়ের আইএস সংশ্লিষ্ট জঙ্গিরা এটি ধ্বংস করার দাবি করলেও কিভাবে তারা এটি করেছে তা জানায়নি। সিরিয়ায় বিমান হামলার জবাবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আইএস।