রুমানিয়ার নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সিমপিয়ানু
রুমানিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডের জেরে বিক্ষোভের মুখে প্রধানন্ত্রী ভিক্টর পন্টার পদত্যাগের পর শিক্ষামন্ত্রী সরিন সিমপিয়ানুকে নতুন অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন প্রেসিডেন্ট লাউস ইওহান্নিস।
প্রেসিডেন্ট ইওহান্নিস বলেছেন, তিনি আগামী দুইদিনের মধ্যে নতুন সরকার গঠন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ভিক্টর পন্টার পদত্যাগের পরও বুধবার রাতে প্রায় ৩০ হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে রাজনৈতিক সংস্কার ও আগাম নির্বাচনের দাবি জানিয়েছে।
ক্লুজ, টিমিসয়ারা ও কন্সটান্টা নগরেও বুধবার এ ধরনের বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।
গত শুক্রবার বুখারেস্টের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ৩২ জন প্রাণ হারায়। এ ঘটনার প্রতিবাদে রাজধানীতে প্রায় ২০ হাজার মানুষ রাস্তায় নেমে আসলে বুধবার পদত্যাগ করেন পন্টা।
বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে। সরকারের দুর্নীতি এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই এ অগ্নিকাণ্ড হয়েছে বলে অভিযোগ করে তারা।
বিক্ষোভের মুখে বুখারেস্টের মেয়র ও রুমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাবরিয়েল অপরেয়াও বুধবার পদত্যাগ করেন।
বিক্ষোভকারীরা সরকারে গুরুত্বপূর্ণ পরিবর্তনের দাবি জানাচ্ছে। প্রেসিডেন্ট ইওহান্নিসও তাদের দাবি বিবেচনায় নিয়ে নতুন প্রধানমন্ত্রীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে জনগণের সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন।
