পালমিরায় আইএসের অবস্থানে রুশ বিমান হামলা
সিরিয়ার প্রাচীন শহর পালমিরার চারদিকে ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানগুলোতে তাদের যুদ্ধবিমানগুলো বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, সুখোই-টোয়েন্টিফাইভ জেট বিমানের হামলায় একটি প্রতিরক্ষা অবস্থান, একটি ভূগর্ভস্থ বাঙ্কার ও বিমান-বিধ্বংসী কামান ধ্বংস হয়েছে।
যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সূত্রগুলো জানায়, পালমিরার রোমান আমলের ধ্বংসাবশেষের পশ্চিমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ের উপরে নতুনভাবে তৈরি করা ১৩শ শতকের একটি প্রাসাদের চারপাশে এসব বিমান হামলা চালানো হয়েছে।
এতে হওয়া ক্ষয়ক্ষতি পরিমাপ করা কঠিন বলে জানিয়েছেন তারা।
পালমিরার আরবি নাম ব্যবহার করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “সুখোই-টোয়েন্টিফাইভ জেটগুলো হমস প্রদেশের তাদমুর এলাকায় আইএসের প্রতিরক্ষা অবস্থানে আঘাত করেছে।
“সরাসরি আঘাতের ফলে একটি প্রতিরক্ষা অবস্থান, একটি ভূগর্ভস্থ বাঙ্কার ও বিমান-বিধ্বংসী কামান ধ্বংস হয়েছে।”
অবজারভেটরির এক স্থানীয় সূত্র জানায়, সোমবার প্রাসাদ এলাকাটিতে আটবার বিমান হামলা চালানো হয়েছে।
রুশ বিমানগুলো নিকটবর্তী টাউন আল-কারিয়াতায়িনেও বিমান হামলা চালিয়েছে বলেও জানিয়েছেন তারা। অগাস্টে আইএস শহরটি দখল করে নিয়েছিল।
পালমিরার পাহাড়ের উপরের ওই প্রাসাদটি কালায়াত শিরকুহ বা কালায়াত ইবন মাআন নামে পরিচিত, এটিও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। প্রাসাদটি প্রাচীন রোমান শহরটির ধ্বংসাবশেষ থেকে ১৫০ মিটার উচ্চতায় অবস্থিত।
সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে প্রতি বছর দেড় লাখের বেশি পর্যটক পালমিরার পুরাকীর্তি দেখতে আসতো।
