বিধ্বস্ত রুশ বিমানের আরোহীদের লাশ রাশিয়া পৌঁছেছে
মিশরের সিনাই উপদ্বীপে বিধ্বস্ত রুশ বিমানের নিহত আরোহীদের মধ্যে ১৪৪ জনের লাশ রাশিয়ার পৌঁছেছে।
সোমবার ভোরে রাশিয়ার একটি সরকারি বিমানে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে এসব লাশ এসে পৌঁছয়।
শনিবার ভোরের ওই দুর্ঘটনায় বিমানটির ২২৪ জন আরোহীর সবাই নিহত হন। বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি।
এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে রোববার রাশিয়ায় একদিনের জাতীয় শোক পালন করা হয়। তবে সেন্ট পিটার্সবার্গের কর্তৃপক্ষ মঙ্গলবার পর্যন্ত শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।
রুশ বার্তা সংস্থাগুলো জানায়, স্থানীয় সময় ভোর ৬টার একটু আগে ১৪৪টি লাশ নিয়ে জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের একটি টু-৭৬ বিমান সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে এসে নামে।
মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সন্ধ্যায় লাশ নিয়ে পরবর্তী বিমান কায়রো থেকে সেন্ট পিটার্সবাগের উদ্দেশ্যে রওয়ানা দেবে।
প্রথম লাশগুলো আসার পর বিমান থেকে নামিয়ে সেগুলো পুলকোভো বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বড় লরিতে তোলা হয়। এরপর পুলিশি প্রহরায় লাশগুলো ওই লরিতে করে সেন্ট পিটার্সবার্গের মর্গে নিয়ে যাওয়া হয়। সেখানে লাশগুলোর পরিচয় শনাক্ত করা হবে।
স্থানীয় সময় সকাল ১১টা থেকে শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
