সোমালিয়ার হোটেলে আল শাবাবের হামলায় নিহত ১৩
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি আবাসিক হোটেলে আল শাবাব জঙ্গিদের বোমা হামলা ও গুলিবর্ষণে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
রোববার ভোরে দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিরা হোটেলের ভিতরে প্রবেশ করে কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালায় বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
হামলার শিকার সাহাফি হোটেলটিতে দেশটির অনেক আইনপ্রণেতা ও সরকারি কর্মকর্তা প্রায়ই অবস্থান করেন।
পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাতের চেষ্টায় রাজধানীতে প্রায়ই হামলা চালানো আল শাবাব হামলার দায় স্বীকার করেছে।
আল শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “মুজাহিদরা সাহাফি হোটেলে প্রবেশ করে এটির দখল নিয়েছে।”
লক্ষ্যস্থলে নিরাপত্তা বাহিনীর অবস্থানে বোমা হামলা চালিয়ে ভিতের যোদ্ধাদের ঢুকিয়ে দেওয়া আল শাবাবের প্রচলিত কৌশল। হোটেলের ভিতরে অবস্থান নেওয়া জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তিন ঘন্টা ধরে গুলি বিনিময় হয়।
জঙ্গিরা হোটেলটির ছাদ থেকে তাদের প্রতি গুলিবর্ষণ করে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
গুলি বিনিময় বন্ধ হলেও হোটেলটির ভিতরে জঙ্গিরা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
হোটেলটি জঙ্গিমুক্ত করতে সোমালি সেনাদের সঙ্গে আফ্রিকান ইউনিয়নের ‘এএমআইএসওএম’ বাহিনীর সেনারাও অভিযান পরিচালনা করছে।
চারতলা ওই হোটেলটির প্রতিটি তলা তন্ন তন্ন করে জঙ্গিদের খোঁজ হচ্ছে বলে জানিয়েছেন ‘এএমআইএসওএম’ এর এক মুখপাত্র।
পুলিশ জানিয়েছে, অন্তত ১৩ জন নিহত হয়েছে, এদের মধ্যে হোটেল মালিক, এক আইনজীবী, সাবেক এক সামরিক কমান্ডার, এক বেতার সাংবাদিকসহ অন্যান্য বেসামরিক নাগরিকরা রয়েছেন।
মেজর নুর বলেন, “পেছনের দেয়ালে মই লাগিয়ে অনেক সরকারি কর্মকর্তাকে উদ্ধার করেছি আমরা।”
মেজর নুর জানান, হোটেলটির ভিতরে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা আটকা পড়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
