২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত ৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে তুমুল ঝড়বৃষ্টিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Nov 2015, 01:43 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে এবং হিউস্টন শহরের কাছে  কয়েটি টর্নেডোর কারণে বেশ কিছু ফ্লাইটের সূচি বাতিল করা হয়েছে। 

সান আন্তোনিয়ো শহরের কাছে টর্নেডোর আঘাতে বেশ কিছু ভবন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ ও অস্টিন শহরের কাছে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানি রেকর্ড উচ্চতায় ওঠার একদিন পর শনিবার হিউস্টন শহরের কাছেও একটি টর্নেডো আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হিউস্টনের দক্ষিণে বার্জোরিয়া কাউন্টিতে শনিবার সকালে আঘাত হানা টর্নেডোর তাণ্ডবে ২৫টি ট্রেইলার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

হিউস্টনের কাছের কয়েকটি এলাকায় শনিবারের মধ্যে আরো কয়েকটি টর্নেডো তৈরির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।  

এক বিবৃতিতে হিউস্টনের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় মৃত্যু হয়েছে বলে দাবি করা দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছেন তারা।

শুক্রবার মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন অংশে বাড়তে থাকা বন্যার পানির কবল থেকে ১৩০ জনকে উদ্ধার করার কথাও জানিয়েছেন তারা।

হিউস্টনের কয়েকটি অংশে শুক্রবার প্রায় ১২ ইঞ্চি (৩০.৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে।

ট্রাভিস কাউন্টির শেরিফের মুখপাত্র লিসা ব্লক জানিয়েছেন, শুক্রবার একটি মৃতদেহ পাওয়ার পর শনিবার আরো দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ক্যাম্প বুলিসের কাছে বন্যার পানির তোড়ে ভেসে যাওয়া আরেক ব্যক্তির লাশ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী।

টেক্সাসের বিভিন্ন অংশে বয়ে যাওয়া ঝড়ের কারণে হিউস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ৪৬টি বিমানের সূচী বাতিল করা হয়। অস্টিনের বার্গস্ট্রর্ম আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয় ও ৩১টির সূচি পরিবর্তন করা হয়।

গত সপ্তাহে ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া মেক্সিকোতে আঘাত হানে। সেই ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশের প্রভাবে টেক্সাসে ভারী বৃষ্টিপাত ও বন্যা হচ্ছে।