২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিক দ্বীপের কাছে ফের নৌকাডুবি, নিহত ১৯

গ্রিসের কালিমনোস ও রডে দ্বীপের কাছে তুরস্ক থেকে আসা শরণার্থী বোঝাই আরেকটি নৌকা ডুবে ১৯ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 09:28 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

এ সপ্তাহে গ্রিক দ্বীপপুঞ্জে এটি নৌকাডুবির দ্বিতীয় মর্মান্তিক ঘটনা।

শুক্রবার গ্রিসের কোস্টগার্ড জানায়, দুর্ঘটনার পর ১৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রডে দ্বীপের কাছে  নিহত হয়েছে তিনজন এবং নিখোঁজ রয়েছে তিনজন। উদ্ধার করা হয়েছে ৬ জনকে। 

কয়েক সপ্তাহ ধরে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় নৌযানে করে তুরস্ক থেকে গ্রিসে রওনা হওয়া শরণার্থীদের ডুবে মরার হার অনেক বেড়ে গেছে।

এর আগে বুধবার রাতে লেসবস দ্বীপের কাছে কাঠের একটি নৌকা ডুবে যাওয়ার পর ১৬টি মৃতদেহ এবং ২৭৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। 

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে এবছর ৫০ হাজারের বেশি মানুষ গ্রিস হয় ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছে।

শরণার্থীদের এ ঢল সামলাতে ইউরোপীয় ইউনিয়নকে রীতিমত হিমশিম খেতে হচ্ছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বৃহস্পতিবার জানায়, শরণার্থীরা বলেছে, বিরূপ আবহাওয়ার কারণে মানবপাচারকারীরা টিকেটের দাম অর্ধেকের বেশি কমিয়ে অসহায় মানুষদের প্রলোভন দেখাচ্ছে এবং বিপদসঙ্কুল পথে ঠেলে দিচ্ছে।

ধারণা করা হয়, কাঠের একটি নৌকায় করে সমুদ্র পার করিয়ে দেয়ার জন্য মানবপাচারকারীরা মাথাপিছু ১৮০০ থেকে ২৫০০ ইউরো করে নেয়।