সিরিয়া শান্তি আলোচনায় যোগ দেবে ইরান
সিরিয়া বিষয়ক ভিয়েনা শান্তি আলোচনায় যোগ দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। সঙ্গে থাকবেন তার তিন ডেপুটিও।
সিরিয়া সঙ্কট অবসানের লক্ষ্য নিয়ে শুক্রবার ভিয়েনায় এ বৈঠক হতে চলেছে।
চার বছরের দীর্ঘ সিরিয়া যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান আঞ্চলিক সমর্থক ইরান এই প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছে।
বৈঠকে অন্যান্য যারা অংশ নেবে তাদের মধ্যে বিশেষত, যুক্তরাষ্ট্র আসাদের ঘোর বিরোধী এবং সিরিয়ার ভবিষ্যৎ প্রশ্নে তিনি কোনো ভূমিকা রাখতে পারেন না বলে মত দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম বুধবার দেশটির আইএনএসএ বার্তা সংস্থাকে জানান, আমন্ত্রণ পেয়েই পররাষ্ট্রমন্ত্রী জারিফ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। তিনি ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তার সঙ্গে যাবেন উপ-পরাষ্ট্রমন্ত্রীরা।”
মিশর, ইরাক, লেবানন, ইউরোপীয় ইউনিয়ন এবং ফ্রান্সও বলেছে তারা শুক্রবারের আলোচনায় অংশ নেবে।
তবে বৈঠক শুরুর আগে প্রস্তুতিমূলক অনেকগুলো বৈঠক করবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব এবং তুরস্ক। বৃহস্পতিবার সন্ধ্যায়ও কয়েকটি প্রস্তুতিমূলক বৈঠক হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ মঙ্গলবার ফোনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেছেন। এতে তিনি চলমান সঙ্কট সমাধানে আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণে সিরিয়া নিয়ে আন্তর্জাতিক বৈঠক করার বিষয়টিতে গুরুত্বারোপ করেন।
