ভূমিকম্প দুর্গতদের জন্য সহায়তা চাইল তালেবান
আফগানিস্তানে ভূমিকম্প দুর্গতদের জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছে তালেবান।
উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি সাহায্য পৌঁছে দেওয়ার জন্য মঙ্গলবার এ সহায়তা চেয়েছে তারা।
তালেবান জঙ্গি তৎপরতা এবং অনিরাপদ পরিবেশের কারণে আফগানিস্তানে ত্রাণ সংগঠনগুলোর ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া, দুর্গত অনেক এলাকাই আন্তর্জাতিক ত্রাণ কর্মী কিংবা সরকারি সেনাদের জন্য নিরাপদ নয়।
এ বছর তালেবান যোদ্ধারা পশ্চিমা-সমর্থিত কাবুল সরকারের বিরুদ্ধে জিহাদ আরও জোরদার করেছে। কিন্তু ত্রাণ সহায়তার জন্য এবারের আবেদনে তারা ত্রাণকাজে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলে ইঙ্গিত দিয়েছে।
ভূমিকম্প দুর্গতদের ত্রাণ সাহায্য সরবরাহ করা থেকে বিরত না থাকতে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের প্রতি আহবান জানিয়ে তালেবান বলেছে, দুর্গত এলাকার মুজাহিদীনদেরকে ‘সম্পূর্ণ সহায়তার’ নির্দেশ দেয়া হয়েছে।
হিন্দুকুশ অঞ্চলে সোমবারের ভূমিকম্পে আফগানিস্তানে ৮০ জনের বেশি এবং পাকিস্তানে ২২৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে দেয়া তালেবানের এক বার্তায় বলা হয়েছে, তারা ভূমিকম্প দুর্গতদের আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করা থেকে বিরত না থাকতে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছে।
আফগান সরকারও দুর্গতদের সাহায্যের জন্য ত্রাণ সংস্থাগুলোকে অনুরোধ জানিয়েছে। ভূমিকম্প দুর্গতদের জন্য আফগানিস্তান এবং পাকিস্তানকে সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রও।
