সৌদি আরবে মসজিদে বোমা হামলা
সৌদি আরবের একটি মসজিদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে একজন নিহত হয়েছেন।
এরআগে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এসপিএ সংবাদ সংস্থা ও আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছিল।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রীয় আল-আরাবিয়া টেলিভিশনকে জানিয়েছেন, ইসলাম ধর্মের ইসমাইলি শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় করার সময় আল-মাসহাদ মসজিদে হামলাটি চালানো হয়।
নাজরানের একজন চিকিৎসক মোহাম্মাদ আল-আসকার রয়টার্সকে বলেন, “মাগরিবের নামাজ শেষ হওয়ার পর মুসল্লিরা মসজিদটির মূল দরজা দিয়ে বের হওয়ার সময় আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেন।”
তিনি আরো বলেন, শিয়া ইসমাইলি মসজিদে হামলার ঘটনা এটাই প্রথম।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, দেশটির শিয়া সংখ্যালঘুরাই তাদের হামলার লক্ষ্য।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরের ইসমাইলি শিয়া মুসলিম সম্প্রদায়ের আল-মাসহাদ মসজিদে সোমবার মাগরিবের নামাজের সময় এই হামলা চালানো হয়।
এতে অন্ততপক্ষে একজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহতও হন।
তবে বিস্তারিত আর কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
শহরটির অবস্থান ইয়েমেন সীমান্তের কাছে।
চলতি বছর সুন্নি মুসলিম এই জঙ্গি গোষ্ঠীটি শিয়া সম্প্রদায়ের ওপর বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে।
সৌদি আরবে মসজিদে বোমা হামলার ঘটনা এটাই প্রথম নয়।
চলতি বছরের অগাস্টের প্রথম দিকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যবহৃত মসজিদে আত্মঘাতী হামলা চালানো হলে ১৫ জন নিহত হন।
অনলাইনে দেওয়া বিবৃতিতে ওই ঘটনার দায়িত্ব স্বীকার করেছিল আইএস।
