২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট ‘নিরাপত্তায় হুমকি’

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে জাতীয় নিরাপত্তায় হুমকি বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 10:08 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

আদিবের সহযোগীদেরকে তল্লাশি চালানোর সময় তাদের কাছে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

টেলিভিশনে এক বক্তৃতায় ইয়ামিন বলেন, “গোটা জাতির নিরাপত্তা ও সুরক্ষার জন্য ভাইস-প্রেসিডেন্টকে আটক করা হয়েছে।"

গত মাসে হজ পালন শেষে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে রাজধানী মালেতে আসার সময় প্রেসিডেন্টকে বহনকারী স্পিডবোটে বিস্ফোরণ ঘটে। এতে প্রেসিডেন্ট ইয়ামিন আঘাত পাননি। তবে তার স্ত্রী ও আরও দুইজন সামান্য আহত হয়।

বিস্ফোরণের পরপরই এ ঘটনায় আদিব জড়িত বলে গুঞ্জন শুরু হয়। মালদ্বীপের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট মারা গেলে, অক্ষম হয়ে পড়লে বা পদত্যাগ করলে ভাইস-প্রেসিডেন্ট তার স্থলাভিষিক্ত হবেন।

ইয়ামিন বলেন, তদন্তে এ ঘটনার সঙ্গে আদিব ও আরো দুইজন সেনার জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। স্পিডবোটে বিস্ফোরণের পরপরই প্রমাণ নষ্ট করার অভিযোগে ওই দুই সেনাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার জড়িত সন্দেহে আদিব ছাড়াও আর ছয় জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশকে তদন্তে বেশি সময় দেয়ার জন্য মালদ্বীপের একটি আদালত আদিবের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এর আগে সারকারের পক্ষ থেকে বলা হয়েছিল, আদিবের বিরুদ্ধে 'বিশ্বাসঘাতকতার' অভিযোগ আনা হবে।  তবে প্রেসিডেন্ট বলেন, আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি আদিবকে বরখাস্ত করবেন না।

এ বছর জুলাইয়ে মাত্র ৩৩ বছর বয়সে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হন আদিব। তার ভাইস-প্রেসিডেন্ট হওয়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন খোদ প্রেসিডেন্ট ইয়ামিন।

তিনি বিশ্বাসঘাতকতার অভিযোগে আগের ভাইস-প্রেসিডেন্টকে পদচ্যুত করেন এবং প্রেসিডেন্ট বা ভাইস-প্রেসিডেন্ট হওয়ার জন্য বয়স সীমা কমিয়ে ৩৫ থেকে ৩০ করেন।