২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কার হজ: ‘সহমর্মিতার চেয়ে অবহেলাই ছিল বেশি’

এবারের হজ মৌসুমে পরপর ঘটে যাওয়া দু’টি দুর্ঘটনায় এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাবা-মা কে নিয়ে হজে যাওয়া যুক্তরাজ্যের এক নারীর জবানীতে উঠে এসেছে সেই দুর্ঘটনার পেছনের কারণগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 04:34 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, পেশায় চিকিৎসক ওই নারীর নাম সাবরিনা রাজাক হুসাইন। চিকিৎসা ছাড়া লেখালেখি এবং সমাজকর্মও করেন তিনি।

তার কথায়, "মক্কায় আমি ইসলামের সহমর্মিতা খুব কমই দেখেছি। বরং সেখানে সৌদি আরবের অবহেলাই অনেক বেশি নজরে পড়েছে।"

হজ করতে প্রতি বছর মক্কায় প্রায় ২০ লাখ হজযত্রী জড় হয়। ছোট একটি শহরে একসঙ্গে এতো মানুষের আগমন কিছু অসুবিধা তো হবেই। প্রাথমিকভাবে এগুলোর সঙ্গে মানিয়ে চলাকে আমি ধৈর্যের পরীক্ষা হিসেবে নিয়েছিলাম, আমাদের ইসলাম ধর্মমতে যা খুবই মূল্যবান।

আমাদের ধর্মমতে মক্কা সবচেয়ে পবিত্র নগরী। তাই আমরা পূর্ণবিশ্বাসের সঙ্গে সামনে অগ্রসর হই।

কিন্তু মক্কা নগরীর ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা, কঠোর পুলিশি ব্যবস্থা, প্রচণ্ড ভিড়, বিভিন্ন সংস্থার হুড়োহুড়ির কারণে আমাদের ওপর চাপ ক্রমাগত বাড়ছিল।

যতই দিন যাচ্ছিল, কঠোর পুলিশি ব্যবস্থার কারণে আমি গ্র্যান্ড মসজিদ ও অন্যান্য পবিত্র স্থানগুলোতে আধ্যাত্মিক শান্তি ও পরিতৃপ্তি পাওয়ার বদলে বিরক্ত ও হতাশাই বোধ করছিলাম।

বাবা-মা’র সঙ্গে সৌদি আরব যাওয়ার আগে আমার ধারণা ছিল, বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম দেশটিতে হজযাত্রীদের জন্য খুবই চমৎকার ব্যবস্থা রয়েছে।

কিন্তু যুক্তরাজ্য ফিরে আমার মনে হচ্ছে, বেঁচে যে আছি এজন্যই আমি ধন্য। সেখানে আমি যা দেখেছি সেসব চিন্তুা করলে এখনও আমার ভয় লাগে।

কেন কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে তা আমি বেশ পরিষ্কারভাবেই বুঝতে পারছি। এজন্য অজুহাত হিসেবে 'আল্লাহ'র ইচ্ছা'র কথা বলা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলেই আমার বিশ্বাস।

মদিনার রাস্তায় প্রচণ্ড ভিড়ের মধ্যেও আমরা সন্তুষ্টি ও আধ্যাত্মিক শান্তি লাভ করেছি। যুক্তরাজ্যের হজযাত্রীরা খুবই সুশৃঙ্খল ছিলেন।

 আমার মায়ের ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল এবং প্রচণ্ড গরমের মধ্যেই আল্লাহর রহমতে হাঁপানির রোগী আমার বাবা সুস্থ ছিলেন।

বাবার পাশে থেকে মক্কার পথে রওনা হতে আমি খুবই উদগ্রীব আর খুশিও ছিলাম। কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর।

মক্কায় মসজিদ ও অন্যান্য পবিত্র স্থান থেকে আসা-যাওয়ার পথ ছিল বিপদশঙ্কুল। অনেক হজযাত্রী হুইলচেয়ারে ছিল। আমরা অনেকবার তাদের হুইলচেয়ার থেকে উঠতে-নামতে সাহায্য করেছি। কারণ ফুটপাথগুলো প্রায় হাঁটুর উচ্চতায় ছিল এবং সেখান দিয়ে হুইলচেয়ারে উঠা-নামার কোনো ব্যবস্থা ছিল না। হুইলচেয়ারে থাকা ব্যক্তিদের জন্য তা অত্যন্ত কষ্টদায়ক ছিল।

প্রচণ্ড তাপও হজযাত্রীদের বড় পরীক্ষায় ফেলেছিল। তাপের কারণে অনেকে ক্লান্ত ও পনিশূন্যতায় ভুগছিল। অল্প কয়েকটি রাস্তায় পানি সরবরাহের ব্যবস্থা ছিল।

কিন্তু বেশিরভাগ রাস্তায় যেমন, শয়তানকে প্রতীকী পাথর ছুড়তে যাওয়ার জন্য যেসব রাস্তা ব্যবহার করা হয় সেগুলোতে পানি সরবরাহের কোনো ব্যবস্থা ছিল না। বরং সেখানে অল্প বয়সী পুলিশ দাঁড়িয়ে ছিল, যারা মাঝেমধ্যে হজযাত্রীদের মুখে পানি ছিটিয়ে দিচ্ছিল।

গ্র্যান্ড মসজিদের ভেতর ও চারপাশে মোতায়েন করা কর্মী ও পুলিশের আচার ব্যবহার ও ভাষাজ্ঞান ছিল অত্যন্ত শোচনীয়।

কতশত দেশ থেকে হজযত্রীরা হজ করতে সৌদি আরব যায়। তাই যে কেউ ভাবতেই পারে, তারা হয়ত আরবী ভাষা ব্যবহার না করে এমন অন্তত একটি ভাষা ব্যবহার করবে যা অধিকাংশেরই বোধগম্য হবে। এখানে তা হয়নি। উল্টো তাদের যে কর্কশ ব্যবহার আর চিৎকার! এর আগে কেউ কখনও আমার বা আমার বাবা-মা’র সঙ্গে এমন ব্যবহার করেনি।

তাদের দেখে মনে হয়েছে, কর্তৃপক্ষ তাদের কেবল আরবী ভাষায় 'না' বলে চিৎকার করতে এবং আগে থেকে কোনো রকম ঘোষণা ছাড়া বা বিকল্প কোনো ব্যবস্থা ছাড়া প্রবেশের যে কোনো পথ তাদের ইচ্ছামত বন্ধ করে দেয়ার জন্য সেখানে মোতায়েন করেছে।

আমরা একটি মসজিদে ছিলাম। হঠাৎ করেই বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের বলা হয়, পরবর্তী ওয়াক্তের নামাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা বের হতে পারব না, যেটা প্রায় দেড় ঘণ্টা পর শুরু হওয়ার কথা ছিল।

আমাদের পেছনে আরও শতশত মানুষ ধাক্কা দিচ্ছিল। সবাই বিরক্ত এবং উত্তেজিত হয়ে পড়ছিল। আমি প্রথমে শান্তভাবে আমাদের বের হতে দিতে বললাম। পরে আমি তাদের করজোড়ে বললাম, আমাদের হোটেল কাছেই এবং সেখানে আমার মায়ের ডায়াবেটিসের ওষুধ রয়েছে যেটা এখনই সেবন করতে হবে। কারণ, তার শরীরের সুগারের মাত্র কমে যাচ্ছিল। কিন্তু তাতেও কোনো কাজ হল না।

পরে একজন হজযাত্রীকে আমরা খুঁজে বের করি যিনি আমাদের কথা আরবীতে তাদের বলেন। তারপরও তারা আমাদের যেতে দেয়নি। তখন আমি প্রায় কেঁদে ফেলি এবং বলি "যদি আমার মা এখানে পড়ে যান এবং মারা যান তবে কি হবে?" তারা এমনভাবে কাঁধ ঝাঁকালো যেন: যদি তিনি মারা যান, তবে যাবেন।

ম্যানচেস্টারে একটি কোম্পানির ব্যবস্থাপক আয়শা খান নামের একজন তার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা আমাকে বলেছেন।

 তিনি বলেন, একদিন পথে তিনি খুব অসুস্থ বোধ করছিলেন। ওই সময় তার স্বামী সাহায্যের জন্য তার কাছে আসতে চাইলেও তাকে আসতে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। তখনও একদল কর্মী হাসাহসি করছিল এবং তাকে সাহায্য করতে বা অ্যাম্বুলেন্স ডাকতে এগিয়ে আসেনি। ওই সময় তার স্বামী উদভ্রান্তের মতো রাস্তার এমাথা থেকে ওমাথা দৌড়াদৌড়ি করে তাকে সাহায্য করার জন্য চিৎকার করছিলেন।

অ্যাম্বুলেন্স চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থাও সেখানে ছিল না। আমি দেখেছি, অ্যাম্বুলেন্স জ্যামে আটকা পড়ে আছে।

পথ চলতে চলতে একজন নারী অজ্ঞান হয়ে পড়ে যান। খুব সম্ভবত তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। হজযাত্রীদের মধ্যে থাকা চিকিৎকরা তাকে সাহয্য করার চেষ্টা করছিলেন।

ক্ষোভের বিষয় হচ্ছে, যখন তথাকথিত প্যারামেডিকরা (যদিও পোশাক দেখে তাদের অ্যাম্বুলেন্স চালক মনে হচ্ছিল এবং মনে হয়নি তাদের কোনো প্রশিক্ষণ আছে) আসল তারা ওই নারীর কি হয়েছে সেটা পর্যন্ত আমাদের বলল না।

অসহায় ওই নারীর কথা ভেবে আমি অ্যাম্বুলেন্স পর্যন্ত সঙ্গে যাই। সেখানে আমি চিকিৎসার জন্য কোনো যন্ত্রপাতি দেখতে পাইনি। আমরা আবার চলতে শুরু করি। ওই নারীর কয়েকজন স্বজনকে রাস্তায় বসে চোখের পানি ফেলতে দেখেছি। তারা এমনকি এটাও জানে না, ওই নারীকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হল।

এরকম আরও অনেক দুঃখজনক অভিজ্ঞতা অধিকাংশ হজযাত্রীরই আছে।

কিন্তু এভাবে শত শত হজযাত্রীর মৃত্যুকে ‘আল্লাহর ইচ্ছা' এবং 'এড়িয়ে যাওয়ার কোনো উপায় ছিল না'  বা এমন কিছু বলে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা আমি কিছুতেই মেনে নিতে পারছি না।

আমার বিশ্বাস ইসলামের বিশ্বাস কার্যকারণ ভিত্তিক।

এর আগে যারা হজে গেছেন তারা বলেছিলেন, কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ধীরে ধীরে আরও ভাল হচ্ছে। গ্র্যান্ড মসজিদের অনেক সংস্কার (যদিও এ সংস্কারকাজ এবার শ’খানেক হজযাত্রীর মৃত্যুর কারণ হয়েছে) করা হয়েছে।

কিন্তু সবার আগে কট্টর মনোভাবের পরিবর্তন আনতে হবে। হজের সময় খারাপ ব্যবস্থাপনার জন্য সৌদি কর্তৃপক্ষের বেশ কিছু ভুল সিদ্ধান্তই দায়ী। হজ চলার সময় দায়িত্বরত ব্যক্তিদের যেকোনো জায়গায় হুটহাট সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা একদমই বাতিল করে দিতে হবে।

হজের সময় রাজপরিবার ও তাদের অতিথিরা ভিআইপি’র মর্যাদায় চলে। তাই তাদের কোনো অসুবিধা হয় না। একারণে হজ ব্যবস্থা নিরাপদ ও কার্যকর কারার জন্য তারা কোনো ধরণের চাপও প্রয়োগ করে না।

"মক্কায় আমি মুসলিম দেখেছি, কিন্তু ইসলাম খুব সামান্যই দেখেছি। সৌদি কর্তৃপক্ষের কোনো রকম সমবেদনা আমি দেখতে পাইনি। আমাদের কল্যাণের ব্যাপারে তাদের কোনো মাথাব্যথা দেখিনি।

সব মুসলিম, হজযাত্রী ও অন্যান্যদের অনুরোধ করছি, উপরের বিষয়গুলোকে শুধুমাত্র হজ চ্যালেঞ্জ বা অভিজ্ঞতার একটি অংশ হিসেবে মেনে নেবেন না। বরং আওয়াজ তুলুন।

আপনার স্থানীয় এমপি’কে লিখুন, যুক্তরাজ্যের মুসলিম কাউন্সিলকে লিখুন অথবা অন্তত স্থানীয় কমিউনিটিকে এগুলো জানান। আওয়াজ তুলুন। আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে যে প্রতিবাদ শুরু হয়ে গেছে যেখানে যোগ দিন।

তীর্থস্থান ভ্রমণ হয়ত জীবনে সফলতা বা পরিবর্তন আনে। তাই বলে, তীর্থস্থান জীবনকে বিপদে ফেলতে বা শেষ করে দিতে পারে না। এখনই এ দাবি জানাতে হবে।