সু চির উপর আস্থা রাখছেন রাখাইন রাজ্যের মুসলিমরা
আসন্ন নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমক্রেসি (এনএলডি) জয়লাভ করলে তাদের ভাগ্যের উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছে রাখাইন রাজ্যে এনএলডি'র মুসলিম সমর্থকরা।
যদিও এনএলডি নির্বাচনে তাদের সম্ভাব্য প্রায় ১১০০ প্রার্থীর যে তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছিল তাদের মধ্যে একজনও মুসলিম প্রার্থী ছিল না।
আগামী ৮ নভেম্বর মিয়ানমারে জাতীয় নির্বাচন। দীর্ঘ ২৫ বছর পর সেখানে প্রথমবারের মত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
একমাস আগে থেকে দেশটিতে নির্বাচনী প্রচারণা শুরু হয়। শুরু থেকেই মুসলিম-বিদ্বেষী কট্টোর বেৌদ্ধদের দল মা বা থা এনএলডি'র কঠোর সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, এনএলডি মুসলিম ঘেঁষা দল।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার তিন দিনের সফরে রাখাইন রাজ্যে যান সু চি।
২০১২ সালে এই রাজ্যেই সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় অনেক মানুষ প্রাণ হারায়, বাস্তুচ্যুত হয় লাখো মানুষ।
ওই ভয়াবহ দাঙ্গার ব্যাপারে সু চি তেমন কোনো ভূমিকা গ্রহণ করেননি, রোহিঙ্গাদের নিয়েও কোনো মন্তব্য করেননি। তার এই নিরবতা ব্যাপক সমালোচিত হয়।
থান্ডউই ও আশেপাশের গ্রামগুলোর মুসলিম বাসিন্দারা সু চির সমাবেশে যোগ দেন।
তারা বলেন, তারা এখনও সু চিকে সমর্থন করেন এবং আশা করেন, তারা যে বৈষম্যের শিকার হচ্ছেন তার অবসান ঘটাবে এনএলডি।
সেইসঙ্গে বেৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মানুষদের পুনর্মিলন ঘটানোর ব্যবস্থাও করবে দলটি।
৪১ বছর বয়সী উইন নাইং রয়টার্সকে বলেন, "এখনও আমাদের কিছু আশা আছে। আমাদের সমঅধিকার নেই। আমি আশা করি যদি আমাদের মা সু চি নির্বাচনে জেতেন, তবে আমরা সমঅধিকার পাব।"
শনিবারের বক্তৃতায় থান্ডউইয়ের দাঙ্গা নিয়ে কোন কথা বলেননি সুচি।
শুক্রবার কাছের শহর থংআপে সমাবেশ করেন নোবেল পুরস্কার বিজয়ী এই নেত্রী। ২০১২ সালে এই থংআপে ১০ জন মুসলিমকে বাস থেকে নামিয়ে হত্যা করা হয়। নিজের বক্তৃতায় ওই হত্যাকাণ্ড নিয়েও কিছু বলেননি সু চি।
ওই সব বিশেষ ঘটনার কথা এড়িয়ে গেলেও ধর্মীয় উত্তেজনা ও দাঙ্গা নিয়ে সু চি বলেন, "জাতি এবং ধর্ম নির্বিশেষে সব মানুষের আমাদের দেশে নিরাপদে বাসবাস নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। যদি মানুষ শারীরিক ও মানসিকভাবে নিরাপদ বোধ করে তবেই কেবল মাত্র আমাদের দেশে আমরা শান্তিতে থাকতে পারবো।"
