আঙ্কারায় বোমা হামলা: পুলিশ, গোয়েন্দা ও নিরাপত্তা প্রধানকে অপসারণ
জোড়া বোমা বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে আঙ্কারার পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান ও নিরাপত্তা প্রধানকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্র মণ্ত্রনালয়।
শনিবার আঙ্কারার প্রধান রেল স্টেশনের কাছে কুর্দিস পন্থিদের 'শান্তি সমাবেশে' পরপর দুইটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯৭ জন নিহত হয়।
মঙ্গলবার রাতে মণ্ত্রনালয়ের ওয়েব সাইটে এক বিবৃতিতে বলা হয়, "মারাত্মক ওই সন্ত্রাসী হামলা নিয়ে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে এবং প্রধান সিভিল ও পুলিশ পরিদর্শকদের অনুরোধে আঙ্কারার প্রাদেশিক পুলিশ প্রাধান, গোয়েন্দা অধিদপ্তরের প্রধান এবং নিরাপত্তা অধিদপ্তরের প্রধানকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।"
তদন্ত শেষ হলে তারা আবার নিজ নিজ দায়িত্বে ফেরত আসবেন কিনা সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে হামলার বিষয়ে গোয়েন্দাদের ব্যর্থতার বিষয়টি স্বীকার করে নেন তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদুগান। তদন্তে এ বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
