২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আঙ্কারায় শোকের মধ্যেই বিক্ষোভ

তুরস্কের রাজধানী আঙ্কারায় বোমা হামলার ঘটনায় শোকবহ পরিবেশের মধ্যেই সরকারবিরোধী স্লোগান দিয়ে প্রতিবাদ-বিক্ষোভে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 09:14 PM

Updated : 25 Apr 2022, 01:58 PM

বোমা হামলাস্থলের কাছের চত্বরে জড় হয় তারা। উপস্থিত লোকজনের নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোক পালনের মধ্যেই তাদের মধ্যে দেখা গেছে প্রচন্ড ক্ষোভ।

নিরাপত্তা বিধানে কর্তৃপক্ষের ব্যর্থতাই জনগণের মাঝে এ ক্ষোভ সঞ্চার করেছে বলে মনে করা হচ্ছে। প্রতিবাদকারীদের সরকারবিরোধী স্লোগানেই সে ক্ষোভের প্রতিফলন দেখা গেছে।

বিস্ফোরণস্থলের কাছে জড় হওয়া প্রতিবাদকারীদের কাউকে কাউকে 'খুনি (প্রেসিডেন্ট তাইপ) এরদোয়ান' 'খুনি পুলিশ' বলে স্লোগান দিতে শোনা যায়।

এসময় জল কামানের গাড়ি নিয়ে দাঙ্গা পুলিশ সেখানকার একটি প্রধান সড়ক আটকে রাখে। ওই সড়ক ধরে তুরস্কের পার্লামেন্ট ও সরকারি ভবনগুলোতে যেতে হয়।

আঙ্কারার প্রধান রেলস্টেশনের কাছে শনিবারের জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ৯৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২৪৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মেজিনোলু।

জাতীয় নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে কুর্দি পন্থি ও লেবার কর্মীদের সমাবেশে বোমা হামলার এ ঘটনা দেশটির রাজনীতিকে উত্তপ্ত করে তুালেছে।

এ ঘটনায় সরকার ও কুর্দি পন্থিরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

কুর্দিস পন্থি পিপলস ডেমক্রেটিক পার্টিসহ (এইচডিপি) বেশ কয়েকটি দল এ ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে।

প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু এ ঘটনায় কোনোভাবেই সরকার দায়ী নয় বলে মন্তব্য করেন।  তিনি বলেন, ইসলামিক স্টেট, কুর্দি জঙ্গি বা চরমপন্থি অন্য কোন দল এ হামলা চালাতে পারে।

এ হামলার জন্য কে বা কারা দায়ী সে বিষয়ে তদন্তকারী দল এখনও কোনো ইঙ্গিত দেয়নি। রোববারও তারা হামলাকারী ও হতাহতদের পরিচয় সনাক্ত করার কাজ করেছে।

সরকারপক্ষের ইয়েনি সাফাক বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মৃতদেহ এবং আঙ্গুলের ছাপের মাধ্যমে একজন বোমাহামলাকারীকে সনাক্ত করা হয়েছে। সে পুরুষ এবং বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত নিহত ৫২ জনের পরিচয় জানানো হয়েছে। বাকিদের ময়নাতদন্ত চলছে।

আহত ২৪৬ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪৮ জন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছে।

কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,"প্রয়োজনীয় সব রকম উপায়ে এ ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার কাজ চলছে। দ্রুতই তাদের বিচারের মুখোমুখি করা হবে।"

কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে-র সঙ্গে চলমান সহিংসতার অবসান চেয়ে শনিবারের শান্তি সমাবেশটির ডাক দেওয়া হয়েছিল।

‘শান্তি ও গণতন্ত্র’ স্লোগানকে সামনে রেখে ডাকা শান্তি সমাবেশটির উদ্যোক্তাদের মধ্যে কুর্দিপন্থি এইচডিপি পার্টিও ছিল।

এর আগে জুনে দেশটির দিয়ারবাকির শহরে এইচডিপি পার্টির আরেকটি সমাবেশেও বোমা হামলা চালানো হয়েছিল।