২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ সদরদপ্তরে উড়ল ফিলিস্তিনের পতাকা

প্রথমবারের মতো নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 02:25 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার সদরদপ্তরের ফুলবাগানের স্ট্যান্ডে লাল, সবুজ, সাদা ও কালো রঙের সমন্বয়ে তৈরি পতাকাটি উত্তোলন করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 

এ সময় উপস্থিত ফিলিস্তিনি কূটনীতিক ও কর্মকর্তারা উল্লাসে ফেটে পড়েন। হাততালি দিয়ে মুহূর্তটি মুখর করে তোলেন তারা। 

পতাকার নিচে দাঁড়িয়ে আব্বাস বলেন, “আমাদের ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী জেরুজালেমে শিগগিরই এই পতাকাটি উত্তোলনের দিনটি আসবে। প্রতি বছর ৩০ সেপ্টেম্বর, ফিলিস্তিনি পতাকা দিবস হিসেবে উদযাপিত হবে।”

পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী করতে চায় ফিলিস্তিনিরা।

এর কয়েক মিনিট আগে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন আব্বাস। ভাষণে তিনি বলেন, “অত্যন্ত অযৌক্তিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নটি এখনো অমীমাংসিতই রয়ে গেল।”
 
তিনি বলেন, চুক্তি অনুযায়ী ইসরায়েলের বসতি স্থাপন বন্ধ করার কথা ছিল, ফিলিস্তিনি বন্দীদের চতুর্থ দলকে মুক্তি দেওয়ার কথা ছিল।কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে। তারা আমাদের জন্য কোনো পথ খোলো রাখেনি উল্টো এমন পরিস্থিতির সৃষ্টিতে উদ্বুদ্ধ করেছে যেন আমরা একাই চুক্তি বাস্তবায়নে বাধ্য।

“আর এরপরই আমরা ঘোষণা করেছি, এইসব চুক্তি অনুযায়ী চলতে আর আমরা বাধ্য নই এবং দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে সব দায়দায়িত্ব পালন করতে হবে,” যোগ করেন আব্বাস।

রামাল্লায় একটি বড় পর্দার মাধ্যমে ফিলিস্তিনিরা জাতিসংঘে দেওয়া আব্বাসের এই ভাষণ সরাসরি প্রত্যক্ষ করেন বলে জানিয়েছে বিবিসি। 
গেল মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনের প্রস্তাবিত পর্যবেক্ষক সদস্যদের পতাকা উত্তোলনের প্রস্তাব অনুমোদন করে।
ওই প্রস্তাবে বলা হয়, “জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য নয় এমন দেশগুলো সদরদপ্তরে (নিউইয়র্ক) ও জাতিসংঘের অন্যান্য দপ্তরে সদস্য দেশগুলোর পতাকার সারির পর নিজ নিজ পতাকা উত্তোলন করতে পারবে।”
 
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ আটটি দেশ ফিলিস্তিনের ওই খসড়া প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল।